নোয়াখালীর সুধারামে প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি রবিউল হোসেন ওরফে কালুকে (১৯) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১১, সিপিসি-৩)।
বুধবার (১৪ অক্টোবর) রাত সোয়া ১১টার দিকে জেলার কবিরহাট উপজেলার ধানশালিক ইউনিয়নের চরমণ্ডলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রবিউল হোসেন কালু নোয়াখালীর সুধারাম থানার নেয়াজপুর ইউনিয়নের ধন্যপুর এলাকার জসিম উদ্দিনের ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তির তথ্য
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন এসআরবি-১১, সিপিসি-৩, নোয়াখালীর কোম্পানি কমান্ডার ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভুক্তভোগী কিশোরী স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী। অভিযুক্ত কালু দীর্ঘদিন ধরে তাকে উত্ত্যক্ত করার পাশাপাশি প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। এতে সাড়া না দেওয়ায় গত ৫ অক্টোবর রাত ১১টার দিকে সুধারাম থানার ধন্যপুর এলাকায় ভুক্তভোগীর নিজ বাড়ির রান্নাঘরে ঢুকে জোরপূর্বক ও ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করা হয়।
আইনগত ব্যবস্থা
ঘটনার পর ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হলে গা ঢাকা দেয় অভিযুক্ত কালু। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে কবিরহাট উপজেলার চরমণ্ডলিয়া এলাকার এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।
গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়ার জন্য আসামিকে সুধারাম মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-১১-এর কোম্পানি কমান্ডার ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু বলেন, "নারী ও শিশু নির্যাতনের মতো স্পর্শকাতর অপরাধে জড়িতদের আইনের আওতায় আনতে আমাদের কঠোর নজরদারি ও অপরাধবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।"