২০ সেপ্টেম্বর, ২০২৬

আওয়ামী লীগ নেতার বাড়িতে ভূরিভোজ: বিতর্কের মুখে সেনবাগ থানার ওসি প্রত্যাহার

আওয়ামী লীগ নেতার বাড়িতে ভূরিভোজ: বিতর্কের মুখে সেনবাগ থানার ওসি প্রত্যাহার

নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের এক নেতার বাড়িতে আয়োজিত ভূরিভোজে অংশ নেওয়ার অভিযোগ এবং স্থানীয় একটি বিতর্কিত ঘটনার জেরে নোয়াখালীর সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রহিম সরকারকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। তাকে প্রত্যাহার করে নোয়াখালী জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।

রোববার (২০ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আহমেদ পেয়ার।

জেলা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে সেনবাগের বাতানিয়া গ্রামের আওয়ামী লীগ নেতা ও চট্টগ্রামের ব্যবসায়ী শাহজাহান খোকনের বাড়িতে একটি ভোজের আয়োজন করা হয়। অভিযোগ ওঠে, থানার দায়িত্বে থাকা অবস্থায় ওসি আবদুর রহিম সেখানে অংশ নেন।

একই রাতে উপজেলার কাবিলপুর ইউনিয়নের বটতলা বাজার এলাকায় নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের ঘটনা ঘটে। ওই সময় ওসির ভূমিকা নিয়ে পুলিশের উর্ধবতন মহলে প্রশ্ন দেখা দেয়। পরবর্তীতে বটতলা এলাকার মিছিলের ঘটনায় থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয় এবং ছাত্রলীগ ও যুবলীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তারসহ অজ্ঞাত ৩০-৩৫ জনকে আসামি করা হয়।

বর্তমানে সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) হযরত আলী মিলন ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে সাময়িক দায়িত্ব গ্রহণ করেছেন।

ওসির প্রত্যাহারের বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ পেয়ার জানান, আওয়ামী লীগ নেতার বাড়িতে গিয়ে দাওয়াত খাওয়ার অভিযোগটিকে কেন্দ্র করে ওসি আবদুর রহিম সরকারকে প্রত্যাহার করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে প্রতিবেদন দাখিলের জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে। जांच প্রতিবেদন হাতে পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।