নাটোরের বড়াইগ্রামে মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ কমিটি পুনর্গঠন ও এর কার্যকর ভূমিকা নিশ্চিত করার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সার্বিক সহযোগিতা করে উন্নয়ন সংস্থা 'রুম টু রিড বাংলাদেশ' (নাটোর অফিস)।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সেলিম আকতার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক প্রফেসর ড. মীর জাহীদা নাজনীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাউশির পরিকল্পনা ও উন্নয়ন শাখার সহকারী পরিচালক মো. মিজানুর রহমান এবং নাটোর জেলা শিক্ষা কর্মকর্তা মো. রোস্তম আলী হেলালী।
সভায় শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ কমিটির প্রয়োজনীয়তা, যৌন হয়রানির সুনির্দিষ্ট সংজ্ঞা, আইনগত দিক এবং হয়রানিমুক্ত শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে উচ্চ আদালতের নির্দেশনা বাস্তবায়নের নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে গঠিত কমিটির মূল দায়িত্ব, কার্যাবলি ও গঠনপ্রক্রিয়া নিয়ে অংশগ্রহণকারী প্রাতিষ্ঠানিক প্রধানদের অবহিত করা হয়। কমিটিকে কেবল কাগজ-কলমে সীমাবদ্ধ না রেখে সক্রিয় ও কার্যকর করার মাধ্যমে শিক্ষার্থীদের জন্য একটি সুরক্ষিত, মানসম্মত ও নিরাপদ শিক্ষা পরিবেশ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন বক্তারা।
সভায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সংশ্লিষ্ট সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।