৫ আগস্ট, ২০২৬

ধুনটে ট্যাপেন্টাডলসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

ধুনটে ট্যাপেন্টাডলসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

বগুড়ার ধুনট উপজেলা স্বেচ্ছাসেবক লীগের বিতর্কিত যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম সাগরকে (৩৭) ১৫ পিস বিক্রয় নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আবারো গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাত ১০টার দিকে উপজেলার নিমগাছী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সাগর নিমগাছী গ্রামের চাঁন মিয়া সরকারের ছেলে। বুধবার দুপুরে ধুনট থানা পুলিশ তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত সাগরের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও অপরাধের দীর্ঘ ইতিহাস রয়েছে। ২০২৩ সালের ৩১ অক্টোবর দেশব্যাপী বিএনপির অবরোধ কর্মসূচাকালে তিনি পুলিশের জ্যাকেট পরিহিত নিজের একটি ছবি ফেসবুক স্টোরিতে পোস্ট করে ব্যাপক সমালোচনার জন্ম দেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে বিষয়টি তোলপাড় সৃষ্টি করলে সেসময় পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল।

এ ছাড়া চলতি বছরের গত ২২ জানুয়ারি মশাল মিছিল থেকে ককটেল বিস্ফোরণের অভিযোগে ধুনট থানায় দায়ের করা একটি মামলায়ও তাকে গ্রেপ্তার করা হয়েছিল। সাগরের বিরুদ্ধে বগুড়ার শাজাহানপুর, গাবতলী ও ধুনট থানায় অন্তত ৮টি মামলা রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল করিম জানান, "আলোচিত এই স্বেচ্ছাসেবক লীগ নেতা এলাকায় মাদকদ্রব্য বিক্রির সাথে যুক্ত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ধুনট থানায় নতুন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।"