৫ আগস্ট, ২০২৬

‘জুলাই সনদ’ পালনে তারেক রহমান জাতির কাছে অঙ্গীকারবদ্ধ: ড. মনিরুজ্জামান

‘জুলাই সনদ’ পালনে তারেক রহমান জাতির কাছে অঙ্গীকারবদ্ধ: ড. মনিরুজ্জামান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 'জুলাই সনদ' অক্ষরে অক্ষরে পালন করতে জাতির কাছে দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ বলে মন্তব্য করেছেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. মনিরুজ্জামান। তিনি বলেন, এ বিষয়ে কেউ যেন বিভ্রান্ত না হন। একই সঙ্গে একটি সংঘবদ্ধ গোষ্ঠী ধর্মের অপব্যাখ্যা দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার যে অপচেষ্টা চালাচ্ছে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

বুধবার (৫ আগস্ট) গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে বেলা ১২টায় উপজেলা বিএনপি কার্যালয় থেকে একটি বিশাল র‍্যালি বের হয়ে শ্যামনগরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে মাইক্রোস্ট্যান্ড এলাকায় পথসভা, আলোচনা সভা ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক সুলাইমান কবিরের সভাপতিত্বে এবং সদস্যসচিব অ্যাডভোকেট আশেক এলাহী মুন্নার সঞ্চালনায় সভায় ড. মনিরুজ্জামান বলেন, "অন্তর্বর্তী সরকারের সঙ্গে দীর্ঘ আলোচনার মাধ্যমে ৩৩টি রাজনৈতিক দলের সম্মতিতে জুলাই সনদ নির্ধারিত হয়েছে। জিয়াউর রহমান, খালেদা জিয়া কিংবা তারেক রহমান কখনও এ দেশের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেননি। ফলে এই সনদের প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে বিএনপি শতভাগ নিষ্ঠাবান।"

ধর্মীয় আবেগ ব্যবহারের তীব্র সমালোচনা করে তিনি আরও বলেন, "সংসদে এক কথা বলে বাইরে এসে সাধারণ মানুষকে জান্নাতের টিকিটের মতো নানা আবেগী কথায় বিভ্রান্ত করার চেষ্টা চলছে। একটি নির্দিষ্ট রাজনৈতিক দল ও তাদের মিত্ররা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। তবে শ্যামনগরের সচেতন জনগণ সব ষড়যন্ত্র রুখে দেবে।"

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও গাবুরা ইউপি চেয়ারম্যান মাসুদুল আলম, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আবু সাইদ, পদ্মপুকুর ইউপি চেয়ারম্যান আমজাদুল ইসলাম, শ্যামনগর সদর ইউপি চেয়ারম্যান শেখ লিয়াকত আলী বাবুসহ যুবদল, ছাত্রদল ও মহিলা দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

আলোচনা শেষে জুলাই গণঅভ্যুত্থানের সব শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।