নোয়াখালীর সোনাইমুড়ীতে বিশেষ অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি পাইপগান (একনলা এলজি) ও এক রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার (২৭ জুলাই) ভোরে উপজেলার দেওটি ইউনিয়নের পালপাড়া হাজীবাড়ি এলাকায় এক আসামিকে গ্রেপ্তারে চালানো অভিযানে এসব আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সোনাইমুড়ী থানায় দায়েরকৃত একটি মামলার পলাতক আসামি মাইন উদ্দিন মামুনকে গ্রেপ্তারের উদ্দেশ্যে সোমবার ভোরে দেওটি ইউনিয়নের পালপাড়া হাজীবাড়ি এলাকায় অভিযানে যায় পুলিশ। এ সময় অভিযানের উপস্থিতি টের পেয়ে আসামি পালিয়ে গেলেও মামুনের বসতবাড়ির উত্তর পাশে অবস্থিত একটি পরিত্যক্ত ভাঙা লাকড়ির ঘরে তল্লাশি চালানো হয়। পরে সেখান থেকেই লুকিয়ে রাখা এলজি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) এন এম নাসিরুদ্দিন জানান, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও কার্তুজের মূল উৎস কোথায় এবং এর সাথে অন্য কারও সম্পৃক্ততা রয়েছে কি না—সে বিষয়ে গভীর তদন্ত চলছে।
এ ঘটনায় জড়িত পলাতক আসামিকে গ্রেপ্তারে চেষ্টা জোরদার করা হয়েছে এবং সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।