২২ জুলাই, ২০২৬

জামায়াতের বহিষ্কৃত এমপি গাজী নজরুলের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা

জামায়াতের বহিষ্কৃত এমপি গাজী নজরুলের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা

সম্প্রতি ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার জেরে দল থেকে বহিষ্কৃত হওয়া সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামসহ ৫ জনের বিরুদ্ধে রাজধানীর পল্লবী থানায় হত্যাচেষ্টার মামলা দায়ের করা হয়েছে। মামলাটি করেছেন এই সাবেক জামায়াত এমপির নিজস্ব গাড়িচালক এবং তাঁর কথিত ‘দ্বিতীয় স্ত্রী’র আপন মামা ওবায়দুর রহমান।

গত ২১ জুলাই (মঙ্গলবার) পল্লবী থানায় এই মামলা দায়ের করা হলেও বিষয়টি আজ বুধবার (২২ জুলাই) জানাজানি হয়।

মামলায় সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম (৭৪)-কে প্রধান আসামি করা ছাড়াও তাঁর চার সহযোগী— আমিনুর রহমান, মাসুম বিল্লাহ (৪১), মোস্তাসিম বিল্লাহ (২৫) ও রাকিবুল হাসান (৩০)-কে আসামি করা হয়েছে।

এদের মধ্যে আসামি আমিনুর রহমানকে ইতোমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার তাঁকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করে পুলিশ। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন আসামি আমিনুরকে কারাগারে পাঠানোর আদেশ দেন এবং আগামী ২৮ আগস্টের মধ্যে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করেন।

বাদী ওবায়দুর রহমানের এজাহার সূত্রানুযায়ী, তিনি সাবেক এমপি গাজী নজরুলের ব্যক্তিগত গাড়িচালক হিসেবে নিয়োজিত ছিলেন। আত্মীয়তার সুবাদে পল্লবীর কালশী এলাকায় এমপি নজরুলের যাতায়াত ছিল, যার একপর্যায়ে ওবায়দুরের ভাগনির সঙ্গে ওই এমপির ‘অনৈতিক সম্পর্কের’ অভিযোগ ওঠে। ওবায়দুর বিষয়টি পরিবারকে জানান এবং সংসদ সদস্যকে বিরত থাকতে বললে তিনি ক্ষিপ্ত হন।

পরবর্তীতে মগবাজারভিত্তিক একটি চক্র তাঁদের কিছু আপত্তিকর ভিডিও সংগ্রহ করে ব্ল্যাকমেল করা শুরু করলে গাজী নজরুলের সন্দেহ হয় যে, চালক ওবায়দুরই গোপন ভিডিও ধারণ করে চক্রটি ও গণমাধ্যমের কাছে সরবরাহ করেছেন।

হামলার বিবরণ: এজাহারে উল্লেখ করা হয়, সেই সন্দেহের বশে গত ১৪ জুলাই বেলা ১১টার দিকে ড্রাইভার ওবায়দুরকে কৌশলে কালশীর বাসার ড্রয়িংরুমে ডেকে নিয়ে অন্য আসামিরা লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে। আসামি আমিনুর তাঁকে মেঝেতে ফেলে গলা চিপে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়। ওবায়দুরের মা ও বোনের চিৎকারে হামলাকারীরা পালিয়ে গেলে তাঁকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

গাজী নজরুল ইসলাম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৪ আসন থেকে জামায়াতে ইসলামীর টিকিটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। গত সোমবার রাতে এক তরুণীর সাথে তাঁর কয়েকটি আপত্তিকর ব্যক্তিগত ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়লে তোলপাড় শুরু হয়।

দলীয় নেতাকর্মীদের একাংশ ঘটনাটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) দ্বারা তৈরি দাবি করলেও, গত মঙ্গলবার গাজী নজরুল নিজের ফেসবুক পেজে পোস্ট দিয়ে ওই তরুণী (মরিয়াম বেগম)-কে তাঁর ‘দ্বিতীয় স্ত্রী’ হিসেবে দাবি করেন এবং জানান, ১৭ জুন প্রথম স্ত্রীর সম্মতিতে তাদের বিয়ে অনুষ্ঠিত হয়।

তবে এ ঘটনাকে ‘নৈতিক স্খলন’ আখ্যা দিয়ে আজ বুধবার জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে তাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। একই সাথে তাঁর সংসদ সদস্য পদের বিষয়ে পরবর্তী পদক্ষেপের জন্য নির্বাচন কমিশনকে অবহিত করার সিদ্ধান্ত নিয়েছে দলটি।