রাজশাহী মহানগরীতে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর অনুমোদন ছাড়া চোরাই পথে আনা বিদেশি চকলেট ও লজেন্স বিক্রি করার দায়ে এক ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২২ জুলাই) দুপুর ১২টার দিকে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রাজশাহীর উদ্যোগে নগরীতে এই অভিযান চালানো হয়।
নগরীর ঐতিহ্যবাহী সাহেব বাজার কালীমন্দিরের গলিতে অবস্থিত ‘রাহাত এন্টারপ্রাইজ’ নামক প্রতিষ্ঠানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। বিএসটিআইয়ের গুণগত মানসনদ ও ছাড়পত্র ছাড়া এবং বৈধ কাগজপত্র ব্যতিরেকে চোরাই পথে আনা বিদেশি ‘চকলেট ও লজেন্স’ মজুদ ও বিক্রির অপরাধ নিশ্চিত হওয়ায় প্রতিষ্ঠানটিকে ১০,০০০ (দশ হাজার) টাকা জরিমানা করা হয়।
অনুমোদনহীন খাবার বিক্রির পাশাপাশি রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেল (পেট্রোল, অকটেন ও ডিজেল)-এর অবৈধ মজুত বন্ধ, গুজব প্রতিরোধ এবং গ্রাহকদের সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করতে বিশেষ মনিটরিং পরিচালনা করা হয়। নগরীর তালাইমারী এলাকায় অবস্থিত: মেসার্স নয়ান পেট্রোলিয়াম এজেন্সী এবং মেসার্স আফরিন ফিলিং স্টেশনে এ তদারকি চালানো হয়।
রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা: ফারহানা হোসেন-এর নেতৃত্বে এই বিশেষ মোবাইল কোর্ট পরিচালিত হয়। এতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইং কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।
অভিযানে নিরাপত্তার দায়িত্বে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) একটি চৌকস দল সহযোগিতা করে। জনস্বার্থে খাদ্য পণ্যের মান নিয়ন্ত্রণ ও ভেজাল রোধে বিএসটিআই রাজশাহীর এ ধরনের ঝটিকা অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।