২০ জুলাই, ২০২৬

বিরামপুরে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও তথ্য যাচাইকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বিরামপুরে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও তথ্য যাচাইকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

দিনাজপুরের বিরামপুরে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (সিআরএন), সড়ক অগ্রাধিকার নির্ধারণ এবং তথ্য যাচাইকরণ বিষয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) আয়োজিত এবং গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন (জিআইএসভিত্তিক)-আরসিআইপি প্রকল্পের আওতায় এ কর্মশালার আয়োজন করা হয়।

উপজেলা প্রকৌশলী আতাউর রহমানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা খাতুন। এছাড়া বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কমল কৃষ্ণ রায়, বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সরকার, মুকুন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, জোতবানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক এবং উপসহকারী প্রকৌশলী সুরুজ্জামান।

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বেটস কনসাল্টিং সার্ভিসেস লিমিটেডের জিআইএস স্পেশালিস্ট প্রকৌশলী ফাহিম শাহরিয়ার। তিনি গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (সিআরএন) বিষয়ে বিস্তারিত তুলে ধরেন এবং উপজেলা, ইউনিয়ন ও গ্রাম পর্যায়ের সড়কগুলোর তথ্য, অগ্রাধিকার নির্ধারণ এবং তথ্য যাচাইয়ের বিভিন্ন দিক উপস্থাপন করেন।

কর্মশালায় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং অংশীজনরা উপস্থিত ছিলেন। তারা গ্রামীণ সড়ক অবকাঠামো উন্নয়নে সঠিক তথ্যভিত্তিক পরিকল্পনা প্রণয়নের গুরুত্ব তুলে ধরে মতামত প্রদান করেন।