২০ জুলাই, ২০২৬

ধুনটে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ধুনটে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

বগুড়ার ধুনট উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত দুটি পালসার মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গেন্দুকুড়ি গ্রামের নাজির হোসেন খন্দকারের ছেলে নূরনবী খন্দকার জিতু (৪০) এবং গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চাচিয়া মীরঞ্জ গ্রামের আব্দুল মতিন সরকারের ছেলে মিলন মিয়া (২৪)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া কার্যালয়ের উপপরিদর্শক (এসআই) তাহিদুল আলম বাদী হয়ে গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে ধুনট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেলে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের শৈলমারী গ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় নূরনবী ও মিলনকে আটক করে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৫ কেজি করে মোট ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত দুটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

উপপরিদর্শক তাহিদুল আলম জানান, গ্রেপ্তার দুজন দীর্ঘদিন ধরে পরস্পরের যোগসাজশে বিভিন্ন এলাকায় গাঁজা বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হওয়া আলামত জব্দ করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।