রোববার সকাল ১১টার দিকে উপজেলার থানাহাট ইউনিয়নের হাটিথানা পুটিমারী এলাকায় ব্রহ্মপুত্র নদের একটি কোলায় এ ঘটনা ঘটে। নিখোঁজ লিয়াকত মন্ডল ওই এলাকার বাসিন্দা।
স্থানীয় প্রত্যক্ষদর্শী মো. জবিয়ল হক জানান, লিয়াকত মন্ডল একটি হাঁড়ি সঙ্গে নিয়ে সাঁতরে নদীর কোলা পার হয়ে চরে পাট কাটতে যাচ্ছিলেন। মাঝপথে পৌঁছালে প্রবল স্রোতের কারণে হাঁড়ির ভেতরে পানি ঢুকে সেটি ডুবে যায়। এ সময় ভারসাম্য হারিয়ে তিনি পানিতে তলিয়ে যান। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
নিখোঁজের নাতি লিয়ন মন্ডল বলেন, খবর পেয়ে স্থানীয়রা জাল ফেলে দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেন। পরে রংপুর থেকে আসা ডুবুরি দলও উদ্ধার অভিযান চালায়। কিন্তু এখন পর্যন্ত তার সন্ধান মেলেনি।
সোমবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, স্থানীয়রা এখনও দেশীয় পদ্ধতিতে দড়িতে বড়শি বেঁধে নদীতে তল্লাশি চালিয়ে যাচ্ছেন। নদীর তীরে ভিড় করেছেন স্বজন ও এলাকাবাসী। প্রিয়জনের কোনো খোঁজ না মেলায় স্বজনদের উদ্বেগ ও উৎকণ্ঠা বাড়ছে। শেষবারের মতো হলেও তাকে খুঁজে পাওয়ার আশায় তারা নদীর পাড়ে অপেক্ষা করছেন।
চিলমারী ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার তন্ময় কুমার বর্মণ জানান, রংপুর থেকে আসা ডুবুরি দল সন্ধ্যা পর্যন্ত ব্যাপক তল্লাশি চালিয়েও নিখোঁজ বৃদ্ধের সন্ধান পায়নি। তবে ঘটনাস্থল থেকে তার ব্যবহৃত হাঁড়ি ও কাস্তে উদ্ধার করা হয়েছে।
চিলমারী নৌবন্দর ফাঁড়ির ইনচার্জ গোলাম মওলা বলেন, নিখোঁজ ব্যক্তির সন্ধানে সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় সহযোগিতা করা হচ্ছে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।