১৩ জুলাই, ২০২৬

৩ মাসেও উদ্ধার হয়নি কিশোরী, মেয়েকে ফিরে পেতে মায়ের আহাজারি

৩ মাসেও উদ্ধার হয়নি কিশোরী, মেয়েকে ফিরে পেতে মায়ের আহাজারি

নাটোরের সিংড়া উপজেলায় প্রায় তিন মাস ধরে নিখোঁজ রয়েছে এক স্কুলছাত্রী। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান না মেলায় উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের। মেয়েকে ফিরে পেতে প্রতিনিয়ত আহাজারি করছেন তার মা।

পরিবার সূত্রে জানা গেছে, সিংড়া পৌর এলাকার আতাহারের এক স্কুলপড়ুয়া কিশোরীর সঙ্গে একই এলাকার আরিফুল (২৫) নামে এক যুবকের মোবাইল ফোনে পরিচয় ও যোগাযোগ গড়ে ওঠে। পরিবারের অভিযোগ, ওই যুবক কিশোরীকে নানা প্রলোভন দেখিয়ে গত ২৮ মার্চ নিয়ে যায়। এরপর থেকে দুজনই নিখোঁজ রয়েছেন। দীর্ঘ তিন মাসেও তাদের অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।

নিখোঁজ কিশোরীর মা রাশেদা বেগম বলেন, "আরিফুল দীর্ঘদিন ধরে আমার মেয়েকে উত্যক্ত করত। আমার মেয়ের বয়স কম। তাকে ভুল বুঝিয়ে নিয়ে যাওয়া হয়েছে। মেয়েকে উদ্ধারের জন্য প্রথমে থানায় অভিযোগ করতে গেলে মামলা নেওয়া হয়নি। পরে ১৩ এপ্রিল আদালতে মামলা দায়ের করি। আদালত তদন্তের দায়িত্ব পিবিআইকে দেন।"

তিনি অভিযোগ করে বলেন, "তদন্ত সংস্থা বারবার আশ্বাস দিলেও এখন পর্যন্ত মেয়েকে উদ্ধারে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। অভিযুক্তের পরিবার অনেক তথ্য জানলেও সহযোগিতা করছে না। আমি শুধু আমার মেয়েকে সুস্থ অবস্থায় ফিরে চাই।"

এ বিষয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, "আমি দায়িত্ব গ্রহণের পর জানতে পারি, ভুক্তভোগী আদালতে মামলা করেছেন। আদালতের নির্দেশে পিবিআই বিষয়টি তদন্ত করছে। তাই তদন্ত-সংক্রান্ত কার্যক্রম তাদের অধীনেই রয়েছে।"