নওগাঁর বদলগাছীতে গঠনতন্ত্র বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে “সাংবাদিক সংস্থা বদলগাছী” থেকে “দৈনিক দেশবার্তা” পত্রিকার নওগাঁ জেলা প্রতিনিধি মুজাহিদ হোসেনকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ জুলাই) বেলা সাড়ে ১১ টায় সাংবাদিক সংস্থা বদলগাছী'র কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন “সাংবাদিক সংস্থা বদলগাছী'র সভাপতি বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী।
সভায় উপস্থিত সংস্থার সদস্যগণ মুজাহিদ হোসেনের বিগত দিনের সমস্ত অনৈতিক ও সংস্থার নীতিমালা বহির্ভূত কাজকর্মের বিস্তারিত আলোচনা করে ক্ষোভ প্রকাশ করেন। এ ব্যাপারে সংস্থার সদস্যরা বিভিন্ন ঘটনার কথা উল্লেখ করেন।
তার অনৈতিক কর্মকান্ডের বিস্তারিত আলোচনা করতে গিয়ে তাঁরা বলেন, মুজাহিদ হোসেন বিভিন্ন অনিয়মের সাথে জড়িত থাকায় সাংবাদিক সংস্থার ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। তার বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও অনিয়মগুলো তুলে ধরা হয় এবং উপস্থিত সকল সদস্য তাকে বহিস্কারের দাবি জানান ।
সংস্থার সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, একজন ব্যক্তির অপকর্মের দায় সংগঠন নিতে পারে না। এ ব্যাপারে সংস্থার সদস্যরা বিভিন্ন ঘটনার কথা উল্লেখ করেন এবং তাকে বহিস্কারের জন্য জোরালো দাবি জানান।
এ বিষয়ে সাংবাদিক সংস্থার সভাপতি বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী বলেন, মুজাহিদ হোসেন সাংবাদিকতার নাম ভাঙ্গিয়ে বিভিন্ন জায়গায় নীতিমালা বহির্ভূত অনৈতিক কাজ করেন। যার প্রভাব সাংবাদিক সংস্থা বদলগাছী'র উপর পড়ে। তার বিভিন্ন অপকর্মের ব্যাপারে অনুসন্ধান করে সত্যতা পাওয়া যায়।
এই সমস্ত বিষয়গুলো পর্যালোচনা করে, উপস্থিত সাংবাদিকদের মতামত ও দাবিকে যথাযথ গুরুত্ব দিয়ে “সাংবাদিক সংস্থা বদলগাছী” হতে মুজাহিদ হোসেনকে বহিস্কার করা হয়। আজ থেকে “সাংবাদিক সংস্থা বদলগাছী”র সাথে মুজাহিদ হোসেনের কোনও সম্পর্ক নেই।