১২ জুলাই, ২০২৬

শাহজালালে খাবারহীন তৃষ্ণার্ত ১৮২ যাত্রীর অবরুদ্ধ ৫ ঘণ্টা

শাহজালালে খাবারহীন তৃষ্ণার্ত  ১৮২ যাত্রীর অবরুদ্ধ ৫ ঘণ্টা

রাত ২টা ১৫ মিনিটের আন্তর্জাতিক ফ্লাইট। সব প্রক্রিয়া শেষ করে যাত্রীরা বিমানে আসন গ্রহণ করেছেন। ডানা মেলার অপেক্ষায় থাকা ড্যাশবোর্ডে হুট করেই ঘোষণা—‘কারিগরি ত্রুটি’। এরপর আর কোনো আপডেট নেই। এভাবেই ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঢাকা থেকে কলম্বোগামী ‘ফিটস এয়ারের’ (৮ডি ০৯১২) একটি ফ্লাইটে ১৮২ জন যাত্রীকে টানা সাড়ে পাঁচ ঘণ্টা আটকে রাখা হলো এক অবরুদ্ধ উড়োজাহাজে।

গত ১১ জুলাই গভীর রাতে শাহজালাল বিমানবন্দরে ঘটে যাওয়া এই দুর্বিষহ ঘটনার শিকার যাত্রীদের অভিযোগ— দীর্ঘক্ষণ বদ্ধ কামরায় আটকে থাকায় তাঁদের শারীরিক ও মানসিক বিপর্যয় ঘটেছে, পানি বা খাবার দেওয়া হয়নি, উল্টো করা হয়েছে চরম দুর্ব্যবহার। পরে সকাল ৭টা ৫০ মিনিটে বিমানটি উড্ডয়ন করে।

জিম্মিদশা ও অসুস্থতার দুঃসহ অভিজ্ঞতা
শ্রীলঙ্কাগামী নারী পর্যটক দল ‘গো গার্লস’-এর সহপ্রতিষ্ঠাতা সোনিয়া রিফাত কলম্বো পৌঁছানোর পর তাঁর ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানান। তিনি বলেন, “বিমানে ওঠার পরপরই ত্রুটির কথা বলা হয়। সমস্যা দ্রুত মেটার লক্ষণ না থাকলেও আমাদের নামতে দেওয়া হয়নি। একপর্যায়ে আমি তীব্র শ্বাসকষ্টে ভুগতে শুরু করি, কিন্তু দরজার সামনে গিয়ে একটু শ্বাস নেওয়া ছাড়া কোনো মানবিক সহায়তা পাইনি। সকাল সাড়ে সাতটার আগে কোনো খাবারই দেওয়া হয়নি। শিশু ও ডায়াবেটিক রোগীরা তীব্র সংকটে পড়েছিলেন।”

সোনিয়া আরও জানান, কোনো কোনো যাত্রী যাত্রা বাতিল করে নেমে যেতে চাইলে (অফলোড) তাঁদের সাথে এয়ারলাইনসের কর্মীরা প্রচণ্ড দুর্ব্যবহার করেন এবং একজনের মুখের ওপর ব্যাগ ছুড়ে মারেন। শ্রীলঙ্কায় পৌঁছেই সোনিয়াকে হাসপাতালে ভর্তি হতে হয়। এই তিক্ত অভিজ্ঞতার পর ‘গো-গার্লস’ ভবিষ্যতে ফিটস এয়ারের সাথে সব ধরনের ট্যুর বয়কটের ঘোষণা দিয়েছে।

একই ফ্লাইটের মেহরীন রহমান নামের আরেক যাত্রী তাঁর জীবনের প্রথম ‘সোলো ট্রিপ’ বিষাদময় হয়ে ওঠার আশঙ্কায় কলম্বো না গিয়েই বিমান থেকে নেমে যান।

ফিটস এয়ারের দায় এড়ানোর চেষ্টা ও শুভঙ্করের ফাঁকি
যোগাযোগ করা হলে কলম্বোভিত্তিক এই বাজেট এয়ারলাইনসের মুখপাত্র ‘রানা’ প্রথমে দাবি করেন ফ্লাইট মাত্র ‘৪৫ মিনিট’ বিলম্বিত ছিল। রানওয়ে সংস্কার ও বৈরী আবহাওয়ার কারণে দেরি হয়েছে বলে তিনি দায় এড়ানোর চেষ্টা করেন।

তবে যাত্রীদের পাঠানো ছবি ও সময়ের তথ্য উপাত্ত বিশ্লেষণ করে দেখা যায়, ২টা ১৫ মিনিটের ফ্লাইটটি সকাল ৭টা ৫০ মিনিটে ছেড়েছে, অর্থাৎ দীর্ঘ ৫ ঘণ্টা ৩৫ মিনিট যাত্রীরা ভেতরেই বন্দি ছিলেন। পরে লজিস্টিক সাপোর্টের সীমাবদ্ধতার কথা বলে তিনি ফোন কেটে দেন।

যা বলছে বিমানবন্দর কর্তৃপক্ষ
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ ই-মেইলে জানান, উড্ডয়নের ঠিক আগমুহূর্তে উড়োজাহাজটির হাইড্রোলিক ফ্লুইড লেভেল কমে যাওয়ার কারিগরি ত্রুটি ধরা পড়ে। প্রকৌশলীরা বিমানটিকে উড্ডয়নের অনুপযুক্ত ঘোষণা করায় মেরামত করতে সময় লাগে।

তিনি স্বীকার করেন, প্রায় পাঁচ ঘণ্টা যাত্রীদের বিমানের ভেতরেই থাকতে হয়েছে এবং বিমানবন্দর কর্তৃপক্ষ সকাল ৬টার দিকে হালকা নাশতার ব্যবস্থা করেছিল। তবে যাত্রীদের সাথে অপেশাদার আচরণ বা দুর্ব্যবহারের কোনো আনুষ্ঠানিক অভিযোগ এখনো পাননি বলে জানান তিনি।

কী বলে আন্তর্জাতিক নিয়ম?
যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশনের (DOT) নিয়ম অনুযায়ী, কোনো আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীদের ৪ ঘণ্টার বেশি (এবং অভ্যন্তরীণ ফ্লাইটে ৩ ঘণ্টা) টারমাকে বা বিমানের ভেতরে আটকে রাখা যায় না। দীর্ঘ সময় অতিবাহিত হলে যাত্রীদের নামিয়ে টার্মিনালে নিয়ে আসার সাধারণ নিয়ম থাকলেও ফিটস এয়ারের ক্ষেত্রে সেই আন্তর্জাতিক শিষ্টাচারের বালাই দেখা যায়নি।