১২ জুলাই, ২০২৬

তারুণ্যের শক্তিতে আগামী গড়ার প্রত্যয়: ধুনটে বিশ্ব জনসংখ্যা দিবস উদ্‌যাপিত

তারুণ্যের শক্তিতে আগামী গড়ার প্রত্যয়: ধুনটে বিশ্ব জনসংখ্যা দিবস উদ্‌যাপিত

"তারুণ্যের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে আগামী গড়ি"— এই স্লোগানকে সামনে রেখে বগুড়ার ধুনটে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব জনসংখ্যা দিবস উদ্‌যাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে এক আলোচনা সভা ও বিশেষ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আজ রোববার সকাল ১১টায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় চত্বরে অনুষ্ঠিত এই সভায় জনসংখ্যা নিয়ন্ত্রণ, পরিবার পরিকল্পনা কার্যক্রমের গুরুত্ব, মাতৃ ও শিশু স্বাস্থ্য সুরক্ষা এবং জনসচেতনতা বৃদ্ধিতে সরকারের বিভিন্ন সফল উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

উপজেলা সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা কুমার গৌরব সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন ধুনট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফ উল্লাহ নিজামী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিবার পরিকল্পনা পরিদর্শক মিজানুর রহমান।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন: ধুনট থানার ওসি (তদন্ত) আব্দুস শুকুর, পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন মন্ডল, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাখাওয়াত হোসেন, ইউপি চেয়ারম্যান মাসুদুল হক বাচ্চু, প্যানেল চেয়ারম্যান নুরুন্নবী আকন্দ, শ্রেষ্ঠ কর্মীদের মূল্যায়ন ও পুরস্কার বিতরণ আলোচনা সভা শেষে মাঠপর্যায়ে পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ ও প্রশংসনীয় অবদান রাখায় কর্মরত ৬ জন কর্মকর্তা-কর্মচারীকে 'শ্রেষ্ঠত্বের স্মারক' ও পুরস্কার প্রদান করা হয়।

পুরস্কার বিতরণকালে বক্তারা বলেন, জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে এবং মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কর্মীদের এই স্বীকৃতি আগামীতে কাজের গতি আরও বাড়িয়ে দেবে। অনুষ্ঠানে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের মাঠপর্যায়ের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।