১০ জুলাই, ২০২৬

‘ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই শেখ হাসিনা দেশে ফিরবেন’: নাহিদ ইসলাম

‘ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই শেখ হাসিনা দেশে ফিরবেন’: নাহিদ ইসলাম

গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই দেশে ফিরবেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, বাংলাদেশে ইতিমধ্যেই রায় হয়ে গিয়েছে। এখন সরকারের উচিত যথাযথ কূটনৈতিক ও আইনি প্রক্রিয়ায় এই গণহত্যাকারীকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা।

শুক্রবার (১০ জুলাই) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আন্তর্জাতিক ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প বা উদ্যোগ (এমএসএমই) দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ন্যাশনাল এসএমই অ্যাসোসিয়েশন এই অনুষ্ঠানের আয়োজন করে।

সম্প্রতি আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত শেখ হাসিনার এক সাক্ষাৎকারের সূত্র ধরে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন,

"আজকে একটা ইন্টারভিউয়ে আমরা দেখেছি যে ডিসেম্বরে কেউ একজন দেশে ফেরার পরিকল্পনা করছেন। দেশ তো অলরেডি ১৬ বছরের ধ্বংসযজ্ঞের শিকার হয়েছে। এখন আমরাও চাই তিনি দেশে ফিরবেন, তবে তা ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্য।"

শেখ হাসিনার দেশে ফেরা এবং বিচার প্রসঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, শেখ হাসিনা কীভাবে আসবেন বা সারেন্ডার করবেন কি না—সেটা তিনি নিজে ঠিক করবেন না। এটি ঠিক করবে বাংলাদেশ সরকার এবং এ বিষয়ে সরকার দিল্লির সাথে সরাসরি কথা বলবে। দেশের স্থিতিশীলতার স্বার্থেই সরকারের উচিত দ্রুত এই রায় কার্যকর করা। অন্য কোনো পরিকল্পনা কারও জন্যই ভালো হবে না।

জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা অক্ষুণ্ন রাখার প্রত্যয় ব্যক্ত করে নাহিদ ইসলাম বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও অর্থনীতি রক্ষা করতে রাজনৈতিকভাবে যেকোনো পরিস্থিতি মোকাবিলা করার জন্য অভ্যুত্থানে অংশগ্রহণকারীরা সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এনসিপির আহ্বায়ক সতর্ক করে বলেন, শেখ হাসিনা বা আওয়ামী লীগকে কেন্দ্র করে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত করার কোনো পাঁয়তারা হলে এবং সরকার তা প্রশ্রয় দিলে, সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন সরকারই হবে। আওয়ামী লীগকে দলগতভাবে বিচারের মুখোমুখি করার সরকারি ভাবনাকে সঠিক রাস্তা উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনা নিজের নেতাকর্মীদের ত্যাগ করে দিল্লিতে পালিয়ে গেছেন। আওয়ামী লীগ এখন দিল্লির নিয়ন্ত্রিত একটি দল, তাই শেখ হাসিনার সিদ্ধান্ত মূলত দিল্লিরই সিদ্ধান্ত।

একই সাথে মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ (ইনু) সভাপতি হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ডের সাজা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন বিরোধীদলীয় চিফ হুইপ। তিনি মন্তব্য করেন, এই রায় বিচারব্যবস্থা এবং ট্রাইব্যুনালকে প্রশ্নবিদ্ধ করেছে, অথচ এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আয়োজক সংগঠনের প্রধান সমন্বয়কারী আশিকিন আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সারা দেশ থেকে আসা বিভিন্ন স্তরের উদ্যোক্তারা অংশ নেন।