জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেছেন, অতীতের মতো ২০২৪ সালেও দেশে ভোট চুরির ঘটনা ঘটেছে। তবে এবারের চুরিটি হয়েছে ভোটের ফলাফল প্রকাশের পর।
শুক্রবার (১০ জুলাই) বিকেল ৪টায় নোয়াখালীর জেলা শহর মাইজদীতে এনসিপি আয়োজিত 'জুলাই পদযাত্রা' কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। গণভোট বাস্তবায়ন, বিদ্যুৎ সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান বৃদ্ধি ও সীমান্ত সুরক্ষার দাবিতে জেলা এনসিপি এই কর্মসূচির আয়োজন করে।
হাসনাত আব্দুল্লাহ বলেন,
"২০১৪ ও ২০১৮ সালের নির্বাচন ছিল ‘মিডনাইট ইলেকশন’। তখন ভোটের ফল প্রকাশের আগেই ভোট চুরি করা হয়েছিল। কিন্তু এবার আমরা নতুন ধরনের মেকানিজম দেখলাম। এবারও ভোট চুরি হয়েছে, তবে সেটা ফল প্রকাশের পরে। দেশের ৭০ শতাংশ মানুষ গণভোটে 'হ্যাঁ'-এর পক্ষে ছিল, কিন্তু বিএনপি সেই ভোট চুরি করে ফেলেছে।"
তিনি আরও যোগ করেন, জুলাইয়ের আগেও ভোট চুরি ছিল, যা ঘটত ফলাফল প্রকাশের আগে। আর জুলাইয়ের পরেও ভোট চুরি থেকে গেছে, যা দিনের আলোতে ফলাফল প্রকাশের পরে সম্পন্ন হয়েছে।
বিদ্যমান সরকার ও বিএনপির সমালোচনা করে এই সংসদ সদস্য বলেন, তরুণ প্রজন্মকে বাদ দিয়ে বা তাদের বিপক্ষে গিয়ে দেশ পরিচালনা কিংবা সংস্কার করা সম্ভব নয়। এক কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি দেওয়া হলেও গত ছয় মাসে নতুন কোনো কর্মসংস্থান নিশ্চিত করা যায়নি এবং কোনো বড় নিয়োগ বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়নি।
দেশের তীব্র লোডশেডিং পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন,
"আগে বিদ্যুৎ মানুষের বাড়িতে মাঝে মাঝে যেত, এখন বিদ্যুৎ মাঝে মাঝে আসে। বিএনপি সরকার মানুষের হাতে বিদ্যুতের বদলে হারিকেন ও মোমবাতি তুলে দিয়েছে।"
তিনি আরও বলেন, বিদ্যুৎমন্ত্রী সংসদে দাঁড়িয়ে দেশে কোনো লোডশেডিং নেই বলে দাবি করলেও, বাস্তব চিত্র হলো অনেক এলাকায় ২৪ ঘণ্টার মধ্যে ১৬ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না।
পদযাত্রা ও সমাবেশে আরও উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদসহ দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।