১০ জুলাই, ২০২৬

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নোয়াখালীর প্রবাসী ব্যবসায়ী নিহত, এলাকায় শোকের ছায়া

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নোয়াখালীর প্রবাসী ব্যবসায়ী নিহত, এলাকায় শোকের ছায়া

সুদূর প্রবাসে জীবিকার তাগিদে গিয়ে নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন আরও এক বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে বেলাল হোসেন ওরফে সুমন (৩৫) নামের এক প্রবাসী ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত সুমন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মিরওয়ারীশপুর ইউনিয়নের মনির উদ্দিন মহাজন বাড়ির আব্দুল ওয়াদুদের ছেলে। তিনি দুই সন্তানের জনক ছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৫ বছর ধরে দক্ষিণ আফ্রিকায় সফলতার সাথে ব্যবসা পরিচালনা করে আসছিলেন সুমন। মাত্র এক বছর আগেই তিনি দেশ থেকে ঘুরে প্রবাসে ফিরেছিলেন। বুধবার (৮ জুলাই) বিকেলে জোহানেসবার্গের মেফেয়ার এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থান করছিলেন তিনি। এ সময় একদল সশস্ত্র সন্ত্রাসী তার দোকানে প্রবেশ করে তাকে লক্ষ্য করে অতর্কিত গুলি বর্ষণ করে। সন্ত্রাসীদের ছোঁড়া গুলি সুমনের মাথা ও ঘাড়ে বিদ্ধ হলে ঘটনাস্থলেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এদিকে সুমনের আকস্মিক ও নৃশংস মৃত্যুর খবর গ্রামের বাড়িতে পৌঁছালে পরিবার ও এলাকায় শোকের মাতম শুরু হয়। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে মিরওয়ারীশপুর ইউনিয়নের বাতাস। প্রবাসে দেশের নাগরিকদের এমন নিরাপত্তাহীনতা ও নির্মম মৃত্যুতে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গণমাধ্যমকর্মীদের মাধ্যমে বিষয়টি তারা জানতে পেরেছেন। নিহতের পরিবারের সাথে যোগাযোগ করে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় খোঁজখবর ও সহযোগিতা করা হচ্ছে।

নিহত সুমনের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা ও সংশ্লিষ্ট দূতাবাসের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন শোকসন্তপ্ত পরিবার ও এলাকাবাসী।