৯ জুলাই, ২০২৬

বিশ্বস্ততার সুযোগে প্রবাসীর ১৬ লাখ টাকা আত্মসাৎ, দেশে ফিরে প্রাণনাশের হুমকি

বিশ্বস্ততার সুযোগে প্রবাসীর ১৬ লাখ টাকা আত্মসাৎ, দেশে ফিরে প্রাণনাশের হুমকি

সৌদি আরবে ব্যবসার অংশীদার করার লোভ দেখিয়ে এক প্রবাসীর ৭০ হাজার সৌদি রিয়াল (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬ লাখ টাকা) আত্মসাতের অভিযোগ উঠেছে আবু জাফর মোহাম্মদ ফারুক নামের এক ব্যক্তির বিরুদ্ধে। শুধু তাই নয়, পাওনা টাকা ফেরত না দিয়ে দেশে ফিরে ওই প্রবাসীকে উল্টো প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত ফারুক নোয়াখালীর কবিরহাট উপজেলার বাসিন্দা।

গতকাল বুধবার (৮ জুলাই) সকালে চৌমুহনী প্রেসক্লাব অডিটোরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী প্রবাসী তাজুল ইসলাম লিটন এই চাঞ্চল্যকর অভিযোগ করেন।

সৌদি আদালতের রায় অমান্য করে দেশে পলায়ন
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে প্রবাসী তাজুল ইসলাম লিটন জানান, সৌদি আরবে অবস্থানকালে আবু জাফর মোহাম্মদ ফারুকের (আদালতের নথিতে মোহাম্মদ ইউসুফ নামে পরিচিত) সঙ্গে তার সুসম্পর্ক গড়ে ওঠে। সেই সুবাদে ব্যবসায় অংশীদার করার আশ্বাসে তিনি ফারুককে নগদ ৭০ হাজার রিয়াল দেন। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তাকে ব্যবসায় অন্তর্ভুক্ত করা হয়নি এবং কোনো লভ্যাংশও দেওয়া হয়নি।

পরবর্তীতে টাকা ফেরত চাইলে ফারুক নানা অজুহাতে টালবাহানা শুরু করেন। স্থানীয় প্রবাসীদের নিয়ে একাধিক সালিশ-বৈঠক ব্যর্থ হলে লিটন বাধ্য হয়ে সৌদি আরবের আদালতের শরণাপন্ন হন। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে আদালত লিটনের পক্ষে ৫০ হাজার রিয়াল ফেরত দেওয়ার রায় প্রদান করেন। অভিযুক্ত ফারুক উচ্চ আদালতে আপিল করার অজুহাতে সময় নিলেও, শেষ পর্যন্ত কোনো আপিল না করে এবং আদালতের নির্দেশ অমান্য করে গোপনে বাংলাদেশে পালিয়ে আসেন।

দেশে ফিরে হুমকি, নিরাপত্তাহীনতায় পরিবার
ভুক্তভোগী প্রবাসীর অভিযোগ, ফারুক দেশে ফিরে আসার পর তার পাওনা টাকা দাবি করায় উল্টো চরম বিপাকে পড়েছেন তিনি। অভিযুক্ত ফারুক ও তার সহযোগীরা এখন লিটন ও তার পরিবারকে বিভিন্ন মিথ্যা মামলায় ফাঁসানোর ভয় দেখাচ্ছে। এমনকি তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছে। বর্তমানে ফারুকের ক্রমাগত হুমকিতে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

প্রশাসনের হস্তক্ষেপ কামনা
একজন রেমিট্যান্স যোদ্ধা হিসেবে নিজের কষ্টার্জিত অর্থ উদ্ধার এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তাজুল ইসলাম লিটন। একই সঙ্গে প্রতারক ফারুকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।

এ বিষয়ে অভিযুক্ত আবু জাফর মোহাম্মদ ফারুকের বক্তব্য নেওয়ার জন্য তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়।