৯ জুলাই, ২০২৬

জনপ্রশাসনে বড় পদোন্নতি: ১৭২ উপসচিব হলেন যুগ্ম সচিব

জনপ্রশাসনে বড় পদোন্নতি: ১৭২ উপসচিব হলেন যুগ্ম সচিব

জনপ্রশাসনের কর্মকর্তাদের বড় ধরনের পদোন্নতি দিয়েছে সরকার। একসঙ্গে ১৭২ জন উপসচিবকে পদোন্নতি দিয়ে যুগ্ম সচিব করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

বর্তমান সরকারের মেয়াদে জনপ্রশাসনে এটিই প্রথম বড় ধরনের পদোন্নতি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবারের পদোন্নতিতে নতুন করে ২৫তম বিসিএসের প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের যুগ্ম সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। এ ছাড়া এর আগের বিভিন্ন ব্যাচের বাদ পড়া (লেফটআউট) যোগ্য কর্মকর্তাদেরও এই পদে পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে বর্তমানে কর্মরত কয়েকজন জেলা প্রশাসকও (ডিসি) রয়েছেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। তবে পদায়নের আদেশ না হওয়া পর্যন্ত তাঁদের বর্তমান কর্মস্থলেই দায়িত্ব পালন করতে বলা হয়েছে।

সাধারণত প্রতি বছরই নিয়মতান্ত্রিকভাবে সরকারের বিভিন্ন স্তরে এই পদোন্নতি দেওয়া হয়। তবে নতুন সরকারের অধীনে প্রথম পদোন্নতি হওয়ায় মাঠ প্রশাসন ও সচিবালয়ের কর্মকর্তাদের মাঝে এটি বিশেষ গুরুত্ব পাচ্ছে।