৫ জুলাই, ২০২৬

ঘুরতে নিয়ে মামাতো বোনকে ধর্ষণ

ঘুরতে নিয়ে মামাতো বোনকে ধর্ষণ

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বেড়াতে নিয়ে এক তরুণীকে (মামাতো বোন) প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে তার ফুফাতো ভাই সাকিব উদ্দিনকে (২২) গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

আজ রবিবার (৫ জুলাই) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালীর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর সেরনিয়াবাত। এর আগে গতকাল শনিবার সন্ধ্যায় জেলা সদরের মাইজদী বাজার এলাকায় এক অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সাকিব হাতিয়া উপজেলার সোনাদিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মধ্যম সোনাদিয়া গ্রামের মো. সফিকের ছেলে।

র‍্যাব সূত্রে জানা গেছে, ভুক্তভোগী তরুণী ও অভিযুক্ত সাকিব পরস্পরের মামাতো-ফুফাতো ভাইবোন। গত ৫ জুন ওই তরুণী তার মায়ের সঙ্গে বড় বোনের বাড়িতে বেড়াতে যান। ওই দিনই ফুফাতো ভাই সাকিব তাকে পুরো গ্রাম ঘুরিয়ে দেখানোর কথা বলে মোটরসাইকেলে করে বাড়ি থেকে নিয়ে যান। বিভিন্ন স্থানে ঘোরাঘুরি শেষে সন্ধ্যার দিকে সোনাদিয়া ইউনিয়নের পশ্চিম চরচেঙ্গা বেড়িবাঁধ সংলগ্ন একটি নির্জন এলাকায় নিয়ে যান। সেখানে প্রলোভন দেখিয়ে ওই তরুণীকে একাধিকবার ধর্ষণ করেন সাকিব।

র‍্যাব আরও জানায়, ঘটনার পর বিষয়টি কাউকে না বলার জন্য ভুক্তভোগীকে নানা ভয়ভীতি দেখিয়ে নিজের বাড়িতে নিয়ে আটকে রাখেন সাকিব। পরে স্বজনরা খোঁজাখুঁজি করে অভিযুক্তের বাড়ি থেকে ওই তরুণীকে উদ্ধার করেন। বাড়িতে ফেরার পর ভুক্তভোগী তরুণী গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্বজনদের কাছে এই পাশবিক নির্যাতনের বিস্তারিত জানান।

র‍্যাব-১১-এর কোম্পানি কমান্ডার মো. মুহিত কবীর সেরনিয়াবাত জানান, ঘটনার পর থেকেই অভিযুক্ত গা-ঢাকা দিয়েছিল। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে মাইজদী বাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে সুধারাম মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।