বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে নদী উত্তাল থাকায় নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ টানা তিন দিন ধরে সম্পূর্ণ বন্ধ রয়েছে। মূল ভূখণ্ডের সঙ্গে যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ায় দ্বীপে যাতায়াতকারী সাধারণ মানুষ ও যাত্রীরা পড়েছেন চরম ভোগান্তিতে।
আজ রবিবার (৫ জুলাই) দুপুরে নৌ চলাচল বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আবহাওয়া অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী উপকূলীয় এলাকায় ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত বলবৎ রয়েছে। ফলে নিরাপত্তার স্বার্থে হাতিয়া রুটের সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে।
এদিকে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আজ সকাল থেকেই হাতিয়ার নলচিরা এবং চেয়ারম্যানঘাট এলাকায় মূল ভূখণ্ডে যাওয়ার জন্য শত শত যাত্রী ঘাটে এসে অপেক্ষা করছেন। কিন্তু মেঘনা নদী ও সাগর প্রচণ্ড উত্তাল থাকায় ঘাট থেকে কোনো সি-ট্রাক, স্পিডবোট, ফেরি কিংবা যাত্রীবাহী ট্রলার ছেড়ে যায়নি। এতে করে দূর-দূরান্ত থেকে আসা নারী, শিশু ও রোগীরা চরম দুর্ভোগের মুখে পড়েছেন।
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল বলেন, "আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক না হওয়া এবং ৩ নম্বর সতর্কতা সংকেত বলবৎ থাকা পর্যন্ত হাতিয়ার সঙ্গে ঢাকা ও অভ্যন্তরীণ সব রুটের নৌ যোগাযোগ বন্ধ থাকবে। পরিস্থিতি স্বাভাবিক হলে এবং সংকেত নামিয়ে নিলে পুনরায় নৌযান চলাচল শুরু হবে।"