খাদ্যে ভেজাল ও ক্রেতা ঠকানোর অসাধুচক্রের বিরুদ্ধে আবারও কঠোর অবস্থান দেখাল সাতক্ষীরা জেলা প্রশাসন। রবিবার রাত ৮টার দিকে শহরের ব্যস্ততম সংগীতা মোড় এলাকায় এক ঝটিকা অভিযান চালিয়ে প্রায় ২৬০ কেজি জেলি পুশকৃত বিষাক্ত চিংড়ি মাছ জব্দ করা হয়েছে। পরে জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর এই মাছগুলো সাধারণ মানুষের সামনেই গাড়ির চাকায় পিষ্ট করে সম্পূর্ণ ধ্বংস করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে শহরের সংগীতা মোড়ে জেলা প্রশাসনের একটি বিশেষ টিম আকস্মিক অভিযান চালায়। অভিযানে বিক্রির উদ্দেশ্যে মজুত করে রাখা ২৬০ কেজি ওজনের জেলি পুশকৃত চিংড়ির একটি বড় চালান হাতেনাতে জব্দ করা হয়। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে চতুর মাছ ব্যবসায়ী ও এর সঙ্গে জড়িতরা আগেই গা-ঢাকা দেওয়ায় ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি।
অভিযান পরিচালনাকারী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহেদ হোসেন জানান, চিংড়ির ওজন কৃত্রিমভাবে বাড়িয়ে বাড়তি মুনাফা লোটার জন্য একশ্রেণির অসাধু ব্যবসায়ী ক্ষতিকর জেলি পুশ করছে। এটি একদিকে যেমন চরম আইনবিরোধী, অন্যদিকে জনস্বাস্থ্যের জন্য মারাত্মক বিপর্যয় ডেকে আনছে। সাধারণ মানুষকে সচেতন করতে এবং অসাধু চক্রকে কড়া বার্তা দিতেই জব্দ করা চিংড়িগুলো জনসম্মুখে গাড়ির চাকায় পিষ্ট করে ধ্বংস করা হয়েছে।
তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, খাদ্যে ভেজাল ও প্রতারণার সঙ্গে জড়িত সিন্ডিকেটের বিরুদ্ধে জেলা প্রশাসনের এই কঠোর অবস্থান এবং বাজার মনিটরিং ব্যবস্থা ভবিষ্যতেও নিয়মিত অব্যাহত থাকবে।