৪ জুলাই, ২০২৬

উৎসবমুখর পরিবেশে দিনাজপুর জেলা মিশুক-সিএনজি মালিক সমিতির নির্বাচন সম্পন্ন

উৎসবমুখর পরিবেশে দিনাজপুর জেলা মিশুক-সিএনজি মালিক সমিতির নির্বাচন সম্পন্ন

দিনাজপুর জেলা মিশুক, বেবি ট্যাক্সি, ট্যাক্সি কার ও সিএনজি চালিত অটোরিক্সা মালিক সমিতির (রেজি নং- রাজঃ ১৫১৫) ম্যানেজিং কমিটির ১২তম নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিরামপুরে অবস্থিত সমিতির প্রধান কার্যালয়ে এই ভোটগ্রহণ সম্পন্ন হয়। দীর্ঘ প্রতীক্ষিত এই নির্বাচনে সাধারণ সদস্যদের মাঝে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

নির্বাচনে সভাপতি পদে ‘গরুর গাড়ি’ প্রতীক নিয়ে এ.কে.এম মামুনুর রশিদ লিটন এবং সাধারণ সম্পাদক পদে ‘আনারস’ প্রতীক নিয়ে মোঃ জাকির হোসেন বিজয়ী হয়েছেন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ৫ জনসহ নতুন কমিটি
ঘোষিত ফলাফল অনুযায়ী, কমিটির মোট ৯টি পদের মধ্যে ৫টি পদেই প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। পূর্ণাঙ্গ কমিটির তালিকা নিচে দেওয়া হলো:

সভাপতি: এ.কে.এম মামুনুর রশিদ লিটন (গরুর গাড়ি প্রতীক)

সাধারণ সম্পাদক: মোঃ জাকির হোসেন (আনারস প্রতীক)

সহ-সভাপতি: আশরাফুল হক তেল্লা (বিনা প্রতিদ্বন্দ্বিতায়)

সহ-সাধারণ সম্পাদক: আলমগীর হোসেন (বিনা প্রতিদ্বন্দ্বিতায়)

সাংগঠনিক সম্পাদক: মেহেদুল ইসলাম (বিনা প্রতিদ্বন্দ্বিতায়)

অর্থ সম্পাদক: শাহিনুর ইসলাম (মোটরসাইকেল প্রতীক)

সড়ক সম্পাদক: মোঃ খোকন (কলস প্রতীক)

দপ্তর সম্পাদক: মোঃ মিলন (বিনা প্রতিদ্বন্দ্বিতায়)

কার্যনির্বাহী সদস্য: মোঃ সাইফুল ইসলাম (বিনা প্রতিদ্বন্দ্বিতায়)

ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও কড়া নিরাপত্তা
ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিদায়ের পর সাংবাদিক শাহ্ আলম মন্ডলকে আহ্বায়ক করে সমিতির একটি অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করা হয়েছিল। এরপর অনুষ্ঠিত এই প্রথম নির্বাচনকে ঘিরে সাধারণ ভোটারদের মাঝে বাড়তি আমেজ লক্ষ করা গেছে।

শুক্রবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই স্বতঃস্ফূর্তভাবে ভোট গ্রহণ চলে। ভোটকেন্দ্রের বাইরে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা ব্যবস্থা ছিল। সমিতির মোট ২২৩ জন ভোটারের মধ্যে ১৯৫ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগ্রহণ শেষে প্রার্থী ও এজেন্টদের উপস্থিতিতে রাত ৮টায় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচন পরিচালনায় যাঁরা ছিলেন
তিন সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন সাংবাদিক মোঃ শাহ্ আলম মন্ডল। কমিটির অন্য দুই সদস্য ছিলেন কামরুজ্জামান ও দেলোয়ার হোসেন।

এছাড়া নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রিজাইডিং অফিসার হিসেবে হাকিমপুর মহিলা কলেজের সহকারী অধ্যাপক কামাল আহমেদ সওদাগর এবং সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে বিরামপুর উপজেলার পল্লী সঞ্চয় ব্যাংকের জুনিয়র কর্মকর্তা আব্দুল জব্বার ও অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক আব্দুল আজিজ দায়িত্ব পালন করেন।