১ জুলাই, ২০২৬

নামাজে পড়াতে যাওয়ার পথে দুর্ঘটনায় খতিমের মৃত্যু

নামাজে পড়াতে যাওয়ার পথে দুর্ঘটনায় খতিমের মৃত্যু

ভোরের আলো ফোটার আগেই নিভে গেল নোয়াখালীর সুবর্ণচরের এক তরুণ আলেমের জীবনপ্রদীপ। প্রতিদিনের মতো ফজরের নামাজ পড়াতে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন সুবর্ণচর উপজেলা মডেল মসজিদের খতিব হাফেজ মুফতি মাকছুদ আলম (৩৬)। তবে মসজিদে আর পৌঁছানো হয়নি তাঁর। পথিমধ্যেই এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এই জনপ্রিয় খতিব।

আজ বুধবার (১ জুলাই) ভোরে উপজেলার চরবাটা ইউনিয়নের তোতা মিয়ার বাজার এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত মুফতি মাকছুদ আলম সুবর্ণচরের চরক্লার্ক ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জনতা বাজার এলাকার নুরুল আলম মন্ত্রী সওদাগরের ছেলে। পেশাগত জীবনে তিনি উপজেলা মডেল মসজিদের খতিব হিসেবে অত্যন্ত সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাতে সুবর্ণচর এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ায় সড়ক পিচ্ছিল ছিল। বুধবার ভোরে প্রতিদিনের মতো ফজরের নামাজ পড়ানোর উদ্দেশ্যে নিজের মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে রওনা হন খতিব মাকছুদ আলম। তোতা মিয়ার বাজার এলাকায় পৌঁছালে পিচ্ছিল সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পিচঢালা সড়কে পড়ে যান। মাথায় গুরুতর আঘাত পাওয়ায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। ধারণা করা হচ্ছে, বৃষ্টির কারণে রাস্তা পিচ্ছিল থাকায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে তিনি মারা যান।

এদিকে একজন তরুণ এবং সদালাপী আলেমের এমন আকস্মিক মৃত্যুতে পুরো সুবর্ণচর উপজেলা জুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। প্রিয় খতিবকে হারিয়ে স্তব্ধ মডেল মসজিদের মুসল্লিরা।