নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় আবুল মালেক মাবুদ (৭৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৯ জুন, ২০২৬) দুপুরে উপজেলার গোপালপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামের নিজ বাড়ি থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত আবুল মালেক মাবুদ ওই গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের মুন্সিবাড়ির বাসিন্দা ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মাবুদ ব্যক্তিগত জীবনে দুইবার বিয়ে করলেও কোনো সংসারই তার দীর্ঘস্থায়ী হয়নি। তিনি নিঃসন্তান ছিলেন এবং দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে সম্পূর্ণ একাকী জীবনযাপন করছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দীর্ঘদিনের পারিবারিক ও ব্যক্তিগত হতাশা এবং একাকীত্ব থেকে সোমবার সকালে তিনি নিজ বসতঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
দুপুরের দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বেগমগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের উদ্দেশ্যে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। এটি আত্মহত্যা নাকি অন্য কিছু, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।