২৯ জুন, ২০২৬

চিলমারীতে পুত্রবধূকে ধর্ষণ চেষ্টায় শ্বশুরের বিরুদ্ধে মামলা

চিলমারীতে পুত্রবধূকে ধর্ষণ চেষ্টায় শ্বশুরের বিরুদ্ধে মামলা

কুড়িগ্রামের চিলমারীতে পুত্রবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শ্বশুর লাল মিয়ার (৬০) বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। উপজেলার পুটিমারী এলাকার অধিকারী পাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী গৃহবধূ আয়েশা সিদ্দিকা আশার (২১) স্বামী আল আমিন পেশাগত কারণে রাজমিস্ত্রির কাজ করতে ঢাকায় অবস্থান করছিলেন। স্বামী বাড়িতে না থাকার সুযোগে গত ২২ মে আনুমানিক রাত ২টার দিকে শ্বশুর লাল মিয়া আয়েশার ঘরে প্রবেশ করে। একপর্যায়ে সে পুত্রবধূকে জাপটে ধরে এবং মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় আয়েশার চিৎকারে আশপাশের প্রতিবেশীরা ছুটে এসে তাকে রক্ষা করেন। লোকজনের উপস্থিতি টের পেয়ে লাল মিয়া দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

অভিযোগ উঠেছে, ঘটনার পরদিন স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি শালিস বৈঠকের নামে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা বা ফয়সালা করে পুরো বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালায়। তবে আয়েশা ও তার পরিবার এই বিচারকে ‘প্রহসনমূলক’ আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেন। পরবর্তীতে গত ১৫ জুন ভুক্তভোগী গৃহবধূ নিজে বাদী হয়ে শ্বশুর লাল মিয়াকে একমাত্র আসামি করে চিলমারী থানায় একটি মামলা দায়ের করেন।

এদিকে মামলা দায়েরের পর দীর্ঘ সময় পার হলেও চিলমারী থানা পুলিশ আসামিকে গ্রেপ্তার করতে না পারায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। গ্রেপ্তার না হওয়ায় আসামি লাল মিয়া এলাকায় দম্ভের সাথে ঘুরে বেড়াচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে দেখছে এবং আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান ও চেষ্টা অব্যাহত রয়েছে।