২৫ জুন, ২০২৬

সুবর্ণচরে চুরি হওয়া ট্রান্সফরমারসহ ২ চোর হাতেনাতে আটক, সিএনজি জব্দ

সুবর্ণচরে চুরি হওয়া ট্রান্সফরমারসহ ২ চোর হাতেনাতে আটক, সিএনজি জব্দ

নোয়াখালীর সুবর্ণচরে পল্লী বিদ্যুতের চুরি হওয়া ট্রান্সফরমার ও তামার তারসহ দুই যুবককে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। এ সময় চুরির কাজে ব্যবহৃত একটি নম্বরবিহীন সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিণ ফুলজান নগর এলাকায় এই আটকের ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন—উপজেলার চরজুবলি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত হামজার ছেলে জামাল উদ্দিন (২৫) এবং একই ইউনিয়নের আজগর হোসেনের ছেলে আবুল হোসেন ওরফে রাহাত (১৯)।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সুবর্ণচর, হাতিয়া, নোয়াখালী সদর ও কোম্পানীগঞ্জসহ জেলার দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে রাতের আঁধারে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার, তার ও অন্যান্য মূল্যবান সরঞ্জাম চুরি হয়ে আসছিল। এতে একদিকে গ্রাহকেরা যেমন চরম ভোগান্তিতে পড়ছিলেন, অন্যদিকে বিদ্যুৎ বিভাগও বড় অঙ্কের লোকসান গুনছিল।

এলাকাবাসীর অভিযোগ, চক্রটি বিভিন্ন এলাকা থেকে ট্রান্সফরমার চুরি করে দক্ষিণ ফুলজান নগর এলাকার সেলিমের বাড়িতে নিয়ে আসত। সেখানে অত্যন্ত গোপনে ট্রান্সফরমার ভেঙে ভেতরের মূল্যবান তামার তার আলাদা করা হতো এবং পরে তা দেশের বিভিন্ন স্থানে চড়া দামে বিক্রি করা হতো।

বৃহস্পতিবার ভোর ৫টার দিকে ওই বাড়িতে সন্দেহভাজন কয়েকজনকে দেখে স্থানীয় বাসিন্দারা চারপাশ থেকে ঘেরাও করেন। এ সময় চুরির মালামালসহ জামাল ও রাহাতকে হাতেনাতে আটকে ফেললেও বাকিরা পালিয়ে যায়। স্থানীয়দের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছে—জামাল নামের এক মূল হোতার নির্দেশে তারা দীর্ঘদিন ধরে এই চুরির সিন্ডিকেট চালিয়ে আসছিল।

চরজব্বার থানার তদন্ত কর্মকর্তা দেবাশীষ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “স্থানীয় জনতা ট্রান্সফরমারের তামার তারসহ দুইজনকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মালামাল ও সিএনজিসহ আসামিদের থানায় নিয়ে আসে। এই চোর চক্রের সাথে আর কারা জড়িত তা খতিয়ে দেখে সুনির্দিষ্ট ধারায় মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”