নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনী বাজারের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে ১৪ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে চৌমুহনী বাজারের ডালিয়া মার্কেটের পঞ্চম তলায় অবস্থিত ‘হোটেল রাজ’-এ এই ঝটিকা অভিযান পরিচালনা করা হয়। আটককৃতদের মধ্যে ৭ জন নারী এবং ৭ জন পুরুষ রয়েছেন। তবে প্রাথমিকভাবে তাদের নাম-পরিচয় প্রকাশ করেনি পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চৌমুহনী বাজারের ওই আবাসিক হোটেলটিতে দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অসামাজিক ও অনৈতিক কর্মকাণ্ড চলে আসছিল। স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা এ নিয়ে দীর্ঘদিন ধরে ক্ষোভ প্রকাশ করে আসছিলেন। এমন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে ডিবি পুলিশের একটি দল হোটেল রাজ-এ আকস্মিক হানা দেয়।
অভিযানে হোটেলের বিভিন্ন কক্ষ থেকে আপত্তিকর অবস্থায় ৭ নারী ও ৭ পুরুষকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে বেশ কয়েকজন পেশাদার যৌনকর্মী ও খদ্দের রয়েছেন। এছাড়া পরকীয়া ও অবৈধ সম্পর্কের জেরে কয়েকজন নারী-পুরুষ সেখানে অবস্থান করছিলেন বলে জানা গেছে। তবে আটকের পর এক নারী ও এক পুরুষ নিজেদের স্বামী-স্ত্রী বলে দাবি করেছেন। অভিযানের পর সবাইকে জেলা ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে হোটেলটিতে অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তাদের মধ্যে কেউ দেহ ব্যবসার সাথে জড়িত, আবার কেউ পরকীয়া সম্পর্কের সূত্রে সেখানে অবস্থান করছিলেন। আটককৃতদের বিষয়ে যাচাই-বাছাই ও তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”
স্থানীয়রা জানান, চৌমুহনী বাজারের মতো একটি ব্যস্ততম বাণিজ্যিক এলাকায় এমন অনৈতিক ব্যবসা বন্ধে ডিবি পুলিশের এই উদ্যোগ প্রশংসনীয়। তারা উপজেলার অন্যান্য আবাসিক হোটেলেও এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।