পাবনার সাঁথিয়ায় কালবৈশাখী ঝড়ের মধ্যে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে খুশি খাতুন (৪০) নামের এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে উপজেলার নাগডেমরা ইউনিয়নের বহলবাড়িয়া গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত খুশি খাতুন ওই গ্রামের বাসিন্দা ও স্থানীয় ব্যবসায়ী ইকরাম ডেকোরেটরের স্ত্রী।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, আজ দুপুরের দিকে হঠাৎ করেই সাঁথিয়া উপজেলার আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়ে এবং দমকা হাওয়ার সাথে ঝড়-বৃষ্টি শুরু হয়। এ সময় খুশি খাতুন তীব্র বাতাস ও বৃষ্টির তোয়াক্কা না করে বাড়ির পাশের একটি আম গাছের নিচে ঝরে পড়া আম কুড়াতে যান। আম কুড়ানোর একপর্যায়ে হঠাৎ প্রচণ্ড শব্দে তাঁর ওপর একটি বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই ঝলসে গিয়ে মারা যান তিনি।
দুপুরের এই আকস্মিক বজ্রপাতের শব্দে আশপাশের মানুষ ছুটে এসে খুশি খাতুনকে মৃত অবস্থায় উদ্ধার করে। ঘরের লক্ষ্মী এভাবে মুহূর্তের মধ্যে লাশ হয়ে ফিরবে, তা যেন কোনোভাবেই মেনে নিতে পারছেন না স্বজনেরা। তাঁর এই অকাল ও মর্মান্তিক মৃত্যুতে পুরো বহলবাড়িয়া গ্রামে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এবং বিশেষ করে মেঘের ডাক ও বজ্রপাতের সময় সবাইকে ঘরের বাইরে না যাওয়ার এবং নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছেন স্থানীয় সচেতন মহল।