কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে বিশৃঙ্খলা ও নাশকতা এড়াতে ঢাকাসহ দেশের তিন মহানগর ও তিন জেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সমপদমর্যাদার কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের আগামী ৯ দিনের জন্য ‘বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট’-এর ক্ষমতা দিয়েছে সরকার।
আজ সোমবার (২২ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। আজ থেকে শুরু হওয়া এই নির্দেশনা আগামী ৩০ জুন পর্যন্ত বলবৎ থাকবে।
ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পাওয়া এলাকাগুলো হলো— ঢাকা, চট্টগ্রাম ও গাজীপুর মহানগর এবং নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ ও ফরিদপুর জেলা। কোস্টগার্ড ও বিজিবিতে প্রেষণে নিয়োজিত সমপদমর্যাদার কর্মকর্তারাও এই বিশেষ ক্ষমতা খাটানোর আওতাভুক্ত থাকবেন। ফৌজদারি কার্যবিধির (CrPC) গুরুত্বপূর্ণ বিভিন্ন ধারা অনুযায়ী, যেকোনো অপরাধ আমলে নেওয়ার আইনি এখতিয়ার থাকবে এই কর্মকর্তাদের।
এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারকে চিঠি দিয়ে সেনা মোতায়েনের অনুরোধ জানানো হয়। চিঠিতে বলা হয়, কার্যক্রম নিষিদ্ধ বিভিন্ন সংগঠন দেশের বিভিন্ন স্থানে বেআইনি মিছিল, শোডাউন ও অন্যান্য কর্মসূচি করছে। এর মাধ্যমে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা রয়েছে, যা জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতিসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে।
এমতাবস্থায় জননিরাপত্তা নিশ্চিত করতে ও শান্তিশৃঙ্খলা রক্ষায় ২২ থেকে ৩০ জুন পর্যন্ত ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর অধীনে প্রয়োজনীয় সংখ্যক সেনাসদস্য দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, আগামীকাল ২৩ জুন (মঙ্গলবার) আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, এই দিনটিকে সামনে রেখে দলটির পক্ষ থেকে বেআইনি মিছিল, শোডাউন বা যেকোনো ধরনের কর্মসূচি পালনের চেষ্টা রুখতেই সরকারের পক্ষ থেকে এই কঠোর ও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।