নোয়াখালীর বেগমগঞ্জে র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে সরকারি চাকরি দেওয়ার নামে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে বেলাল হোসেন (৪৫) নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। আজ সোমবার (২২ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চৌমুহনী চৌরাস্তা মোড় এলাকায় পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত বেলাল হোসেন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার পানপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, বেলাল দীর্ঘদিন ধরে নিজেকে র্যাবের বড় কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে আসছিলেন। এই ভুয়া পরিচয় ব্যবহার করে সরকারি চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তিনি বিভিন্ন মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। সম্প্রতি চাকরি দেওয়ার নাম করে এক ব্যক্তির কাছ থেকে ৫০ হাজার টাকা এবং এক নারীর কাছ থেকে ২ লাখ টাকা নেওয়ার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এমন গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে চৌমুহনী এলাকায় অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে আটককৃত বেলের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।