২২ জুন, ২০২৬

লস অ্যাঞ্জেলেসের ড্রেসিংরুমে চিঠিতে শান্তির বার্তা দিলেন ইরানের খেলোয়ারেরা

লস অ্যাঞ্জেলেসের ড্রেসিংরুমে চিঠিতে শান্তির বার্তা দিলেন ইরানের খেলোয়ারেরা

মাঠের বাইরে যুদ্ধ আর ভূ-রাজনীতির চরম উত্তেজনা। তার মাঝেই ফুটবল বিশ্বকাপ মঞ্চে সম্প্রীতি ও বন্ধুত্বের এক অনন্য বার্তা দিল ইরান ফুটবল দল। বেলজিয়ামের বিপক্ষে ম্যাচ শেষে লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামের ড্রেসিংরুমে বিশ্ববাসীর উদ্দেশে একটি চিঠি রেখে গেছে তারা, যার মূল সুর ছিল—‘বিশ্বের সব জাতির মধ্যে শান্তি, সম্মান ও বন্ধুত্ব বজায় থাকুক।’

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের দীর্ঘদিনের বৈরী সম্পর্কের অবসান ঘটাতে যখন কূটনৈতিক স্তরে আলোচনা চলছে, ঠিক তখনই ফুটবলারদের এই বার্তা ক্রীড়াঙ্গনে প্রশংসিত হচ্ছে।

ইরান ফুটবল ফেডারেশনের প্রকাশ করা ওই চিঠিতে লেখা হয়েছে, “হাজার বছরের প্রাচীন পারস্য থেকে আজকের আধুনিক ইরান—ইরানের চেতনা চিরকাল প্রাণবন্ত ও অবিচল। আমরা লস অ্যাঞ্জেলেসে অত্যন্ত গর্বের সঙ্গে এসেছি, সম্মানের সঙ্গে লড়াই করেছি এবং মর্যাদা নিয়ে ফিরে যাচ্ছি।” চিঠিতে লস অ্যাঞ্জেলেসের আতিথেয়তার জন্য ধন্যবাদ জানানোর পাশাপাশি ইরানি সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রথম দিনে মিনাব অঞ্চলের একটি মেয়েদের স্কুলে হওয়া ভয়াবহ হামলায় নিহত ১৬৮ জনের স্মৃতিও স্মরণ করে দলটি।

চলতি বিশ্বকাপে মাঠের বাইরে নানা ভ্রমণ নিষেধাজ্ঞা ও রাজনৈতিক জটিলতার মুখোমুখি হতে হচ্ছে ইরানকে। প্রথমে অনুশীলন ক্যাম্প যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে সরিয়ে নিতে হয়। পরবর্তীতে ফিফা ও আয়োজকদের কড়া নিয়মের কারণে ম্যাচের আগের দিন এসে ম্যাচ শেষে দ্রুতই যুক্তরাষ্ট্র ছাড়তে হচ্ছে তাদের। বেলজিয়াম ম্যাচের পরও তাৎক্ষণিকভাবে দেশ ছাড়তে হয়েছে দলকে।

এই কঠিন পরিস্থিতির দিকে ইঙ্গিত করে নিউজিল্যান্ড ম্যাচের পর সংবাদ সম্মেলনে ক্ষোভ প্রকাশ করেছিলেন ইরানের কোচ আমির গালেনোই। তিনি বলেছিলেন, “আমার মনে হয়, পুরো বিশ্বকাপের মধ্যে সম্ভবত আমরাই সবচেয়ে বেশি নিপীড়িত দল।”

অবশ্য রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেও লস অ্যাঞ্জেলেসে নিজেদের প্রথম দুটি ম্যাচেই দারুণ লড়াই করেছে ইরান। নিউজিল্যান্ড ও বেলজিয়াম দুই দলের বিপক্ষেই ড্র করে মূল্যবান পয়েন্ট তুলে নিয়েছে তারা। গ্রুপ পর্বে নিজেদের পরের ম্যাচে মিসরের মুখোমুখি হতে সিয়াটলে যাবে ইরান দল। এদিকে বিশ্বকাপ নিয়ে গঠিত হোয়াইট হাউস টাস্ক ফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু জুলিয়ানি জানিয়েছেন, পরবর্তী ম্যাচের আগে ইরানের এই ভ্রমণসীমা ও জটিলতার বিষয়টি নিয়ে পুনর্বিবেচনা করা হতে পারে।