নাটোরের সিংড়ায় নিষিদ্ধ ও অবৈধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। অভিযানে প্রায় ২০ লাখ টাকা মূল্যের জাল জব্দ করার পাশাপাশি দুই ব্যক্তিকে অর্থদণ্ড এবং একজনকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ সোমবার (২২ জুন) দুপুরে সিংড়া পৌর শহরের সরকার পাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ সাজা দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত।
আদালত সূত্রে জানা যায়, মৎস্য সুরক্ষা আইন অমান্য করে বাড়িতে চায়না দুয়ারি জাল মজুত এবং তা দিয়ে মা ও পোনা মাছ নিধনের অপরাধে শহিদুল ইসলাম (৩৫) ও একাক্বর (৩৭) নামের দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে শহিদুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানাসহ দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া অন্য অভিযুক্ত একাক্বরকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযান শেষে জব্দকৃত প্রায় ২০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানকালে আরও উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন, সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলামসহ স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা।
উপজেলা প্রশাসন জানায়, দেশীয় প্রজাতির মাছ ও পোনা রক্ষায় অবৈধ জালের বিরুদ্ধে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।