২২ জুন, ২০২৬

আর্জেন্টিনা কী গ্রুপ চ্যাম্পিয়ন হচ্ছে, হলে নকআউটে প্রতিপক্ষ কারা

আর্জেন্টিনা কী গ্রুপ চ্যাম্পিয়ন হচ্ছে, হলে নকআউটে প্রতিপক্ষ কারা

প্রথম ম্যাচে পূর্ণ তিন পয়েন্ট তুলে নকআউটের পথে অনেকটাই নিশ্চিন্ত আর্জেন্টিনা। তবে বিশ্ব চ্যাম্পিয়নদের লক্ষ্য যেহেতু শিরোপা ধরে রাখা, তাই নকআউটের প্রতিপক্ষ নিয়ে সমর্থকদের মধ্যে শুরু হয়েছে নানা জল্পনা। আজ অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করছে মেসিদের পরবর্তী পথচলা।

গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সমীকরণ

গ্রুপ জে থেকে শীর্ষ দল হিসেবে পরবর্তী রাউন্ডে যাওয়ার পথটা আর্জেন্টিনার সামনে খোলা। আজ অস্ট্রিয়া ও পরের ম্যাচে জর্ডানকে হারাতে পারলে কোনো জটিলতা ছাড়াই গ্রুপ চ্যাম্পিয়ন হবে আলবিসেলেস্তেরা। তবে কোনো ম্যাচে পয়েন্ট হারালেও সুযোগ থাকবে গ্রুপ সেরা হওয়ার, সেক্ষেত্রে আলজেরিয়া, জর্ডান ও অস্ট্রিয়ার মধ্যকার অন্য ম্যাচগুলোর ফলাফল বড় ভূমিকা রাখবে।

কার মুখোমুখি হবে আর্জেন্টিনা?

আর্জেন্টিনা গ্রুপ চ্যাম্পিয়ন হলে শেষ ৩২-এ তাদের প্রতিপক্ষ হবে এইচ গ্রুপের দ্বিতীয় সেরা দল। বর্তমানে এই গ্রুপে স্পেন শীর্ষে এবং উরুগুয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। উরুগুয়ে ও কেপ ভার্দের পয়েন্ট সমান হওয়ায় শেষ পর্যন্ত গোল ব্যবধান বা ফেয়ার প্লে পয়েন্টের ওপর নির্ভর করবে মেসিদের প্রতিপক্ষ কে হবে।

সবচেয়ে বড় চমক হতে পারে যদি আর্জেন্টিনা গ্রুপে শীর্ষস্থান ধরে রাখে এবং এইচ গ্রুপে স্পেন দ্বিতীয় স্থানে নেমে যায়; তবে শেষ ৩২-এ দেখা হতে পারে আর্জেন্টিনা-স্পেন মহারণ। অন্যদিকে, আর্জেন্টিনা যদি কোনো কারণে গ্রুপে তৃতীয় হয়, তবে গ্রুপ ডি, জি, এল, বি অথবা কে-এর চ্যাম্পিয়ন দলের মুখোমুখি হতে হবে তাঁদের।

পয়েন্ট টেবিলের নতুন নিয়ম

এবারের বিশ্বকাপে পয়েন্ট টেবিল নির্ধারণে অনুসরণ করা হচ্ছে 'অলিম্পিক পদ্ধতি'। পয়েন্ট সমান হলে ধারাবাহিকভাবে যে নিয়মগুলো দেখা হবে:

সংশ্লিষ্ট দলগুলোর নিজেদের মধ্যকার ম্যাচে অর্জিত পয়েন্ট (হেড-টু-হেড)।

হেড-টু-হেড গোল ব্যবধান ও গোলসংখ্যা।

পুরো গ্রুপের সামগ্রিক গোল ব্যবধান ও গোলসংখ্যা।

সবশেষে ফেয়ার প্লে পয়েন্ট (লাল ও হলুদ কার্ডের হিসাব) এবং ফিফা র‍্যাঙ্কিং।

বিশ্বমঞ্চে মেসির আর্জেন্টিনা নকআউটের টিকিট নিশ্চিত করতে মরিয়া। এখন দেখার বিষয়, মাঠের লড়াইয়ে অস্ট্রিয়ার বাধা পেরিয়ে মেসিরা পরবর্তী রাউন্ডে কার মুখোমুখি হন।