জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অধিবেশন চলাকালীন মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন বিরোধী দল জামায়াতে ইসলামীর সংসদ সদস্য সাইফুল ইসলাম খান। সংসদ কক্ষের অধিকাংশ মন্ত্রীর আসন খালি থাকার বিষয়টি নিয়ে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করা হলে, স্পিকার হাফিজ উদ্দিন আহমদও কিছুটা আক্ষেপের সুরে মন্তব্য করেন, “শোকর করেন যে অর্থমন্ত্রী অন্তত আছেন এখানে।”
আজ সোমবার বাজেট আলোচনার পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে জামায়াতের সংসদ সদস্য সাইফুল ইসলাম খান বলেন, বাজেট অধিবেশনের মতো একটি গুরুত্বপূর্ণ সময়ে বেশির ভাগ মন্ত্রীকে সংসদে দেখা যাচ্ছে না। স্বাস্থ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীসহ গুরুত্বপূর্ণ মন্ত্রীদের চেয়ার খালি পড়ে থাকার বিষয়টি উল্লেখ করে তিনি এ ব্যাপারে স্পিকারের হস্তক্ষেপ কামনা করেন।
সংসদ সদস্যের এই অভিযোগের পরিপ্রেক্ষিতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, “বাজেট অধিবেশনে মন্ত্রীদের আরও বেশি উপস্থিতি আমরা দেখতে চাই। শোকর করেন যে অর্থমন্ত্রী অন্তত আছেন এখানে। তবে সংসদ সদস্যদের পক্ষ থেকে অন্যান্য মন্ত্রীদেরও উপস্থিত থাকার অনুরোধ জানাবেন।” বাজেট অধিবেশনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, মন্ত্রীরা উপস্থিত থাকলে সংসদ বাধিত হবে।
স্পিকারের এই মন্তব্যের পরপরই পরিস্থিতি সামাল দিতে পয়েন্ট অব অর্ডারে দাঁড়ান চিফ হুইপ নূরুল ইসলাম। মন্ত্রীদের অনুপস্থিতির পক্ষে সাফাই গেয়ে তিনি বলেন, অনেকেই রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকতে পারেন, তবে সংসদে থাকাটাই বাঞ্ছনীয়। তিনি মনে করিয়ে দেন, বাজেট সংক্রান্ত মূল বক্তব্য এবং সব খাতের জবাব শেষ পর্যন্ত অর্থমন্ত্রীই দেবেন এবং তিনি শুরু থেকেই উপস্থিত আছেন।
চিফ হুইপ আরও যোগ করেন, বিএনপির মহাসচিব তথা স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্য অনেক মন্ত্রীই নিয়মিত উপস্থিত থাকেন। যাঁরা আসছেন না, তাঁরা যেন সংসদে উপস্থিত থেকে অধিবেশন উপভোগ করেন—এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এদিকে সরকারি দলের ওপর বিরোধী দলের এই আক্রমণ সহজে ছেড়ে দেননি মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন। পাল্টা আক্রমণ করে তিনি বলেন, “বিরোধী দলের সদস্য মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে কথা বলছেন, ভালো কথা। কিন্তু বলার আগে নিজের দিকে তাকালে দেখতেন, সংসদে বিরোধী দলের নেতা এবং উপনেতা—দুজনের কেউই উপস্থিত নাই। তাদেরও তো ঠিকমতো থাকা উচিত।”
সরকারি ও বিরোধী পক্ষের এই কাদা-ছোড়াছুড়ির মধ্যে আবারও হাল ধরেন স্পিকার। প্রতিমন্ত্রীর বক্তব্যের জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ স্পষ্ট করে বলেন, বাজেট অধিবেশনে বিরোধী দলের নেতা না থাকলেও সমস্যা নেই, কিন্তু মন্ত্রীদের থাকাটা জরুরি। তবে সংসদের সৌন্দর্য ও মর্যাদা রক্ষার্থে সরকারি-বিরোধী নির্বিশেষে সবারই উপস্থিত থাকা বাঞ্ছনীয়।