ফুটবল বিশ্বকাপ এলেই যেন নতুন প্রাণ ফিরে পায় গ্রামবাংলার মাঠ-ঘাট। প্রিয় দলের জয়-পরাজয়ের আবেগ ভাগাভাগি করতে নাটোরের গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ইউনিয়নের চরকাদহ পূর্বপাড়ায় গড়ে উঠেছে এক অনন্য মিলনমেলা। ফুটবলপ্রেমীদের জন্য প্রজেক্টরের মাধ্যমে উপজেলার অন্যতম বৃহৎ ও স্বচ্ছ ALR স্ক্রিনে সরাসরি খেলা সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে।
নিজস্ব অর্থায়নে প্রায় লক্ষাধিক টাকা ব্যয়ে আর্জেন্টিনা সমর্থক মো. রানা আহমেদের ব্যক্তিগত উদ্যোগে এ ব্যতিক্রমী আয়োজন বাস্তবায়িত হয়েছে। আকাশ ডিটিএইচ সংযোগের মাধ্যমে বিশ্ব ফুটবলের রোমাঞ্চকর ম্যাচগুলো উপভোগ করতে প্রতিদিন সন্ধ্যা নামলেই স্ক্রিনের সামনে ভিড় জমাচ্ছেন বিভিন্ন বয়সী দর্শক। বিশাল পর্দায় খেলার প্রতিটি পাস, আক্রমণ, সেভ ও গোলের মুহূর্ত দর্শকদের মাঝে ছড়িয়ে দিচ্ছে স্টেডিয়ামের আবহ।
খেলা চলাকালে প্রিয় দলের সমর্থনে উল্লাস, করতালি আর স্লোগানে মুখর হয়ে উঠছে পুরো এলাকা। অনেকেই বলছেন, গ্রামের পরিবেশে এমন আধুনিক আয়োজন শুধু খেলা দেখার সুযোগই তৈরি করেনি, বরং ক্রীড়াপ্রেমীদের জন্য এক সামাজিক বন্ধনও গড়ে তুলেছে।
উদ্যোগক্তা মো. রানা আহমেদ জানান, ফুটবলপ্রেমীদের একসঙ্গে খেলা উপভোগের সুযোগ করে দিতেই তিনি এমন উদ্যোগ গ্রহণ করেছেন। তার এই আয়োজন ইতোমধ্যে স্থানীয় ক্রীড়াঙ্গনে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
বিশ্ব ফুটবলের মহোৎসবকে ঘিরে চরকাদহ পূর্বপাড়া এখন যেন এক ক্ষুদ্র স্টেডিয়াম—যেখানে খেলার আনন্দে একাত্ম হয়ে উঠছেন সব বয়সের মানুষ।