১৮ জুন, ২০২৬

মধুমতী নদী থেকে ড্রেজার ও বাল্কহেড জব্দ, আটক ১

মধুমতী নদী থেকে ড্রেজার ও বাল্কহেড জব্দ, আটক ১

ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের মধুমতী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় একটি বাল্কহেড, একটি ড্রেজার ও একটি আনলোডার মেশিনসহ এক ব্যক্তিকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল ৩টার দিকে মধুখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্তের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

গোপন সংবাদের ভিত্তিতে ভারী বৃষ্টি উপেক্ষা করে মধুখালী ও মাগুরা সদর উপজেলার সীমান্তবর্তী অঞ্চল গয়েশপুর ঘাট এলাকায় এই বিশেষ অভিযান চালানো হয়।

নদী থেকে অবৈধ উপায়ে বালু উত্তোলনের অভিযোগে নড়াইল জেলার বুড়িখালী গ্রামের বাসিন্দা মো. বেলায়েত মোল্লাকে (৪৫) হাতেনাতে আটক করে আদালত। তিনি ওই গ্রামের মো. হান্নান মোল্লার ছেলে। এ সময় বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি বাল্কহেড, একটি ড্রেজার ও একটি আনলোডার মেশিন জব্দ করা হয়।

পরে আদালতের নির্দেশে জব্দকৃত সমস্ত যন্ত্রপাতি কামারখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রাকিব হোসেন চৌধুরী ইরানের জিম্মায় রাখা হয়েছে। অন্যদিকে, আটক বেলায়েত মোল্লাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মধুখালী থানা হেফাজতে পাঠানো হয়েছে।

মধুখালী উপজেলায় যোগদানের পর থেকেই বিভিন্ন অনিয়ম ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আসছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত। অভিযান শেষে সাংবাদিকদের তিনি বলেন, "নদীর নাব্যতা রক্ষা ও পরিবেশ বিপর্যয় রোধে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের এই অবস্থান। জনস্বার্থে যেকোনো অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে এই ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত অব্যাহত থাকবে।"