প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আজ বৃহস্পতিবার রাজধানীর সাতারকুলে অবস্থিত গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুলের ক্যাম্পাস পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি প্রতিষ্ঠানটির আধুনিক ‘ইনকোয়ারি-বেজড’ (অনুসন্ধিৎসু) শিক্ষাব্যবস্থার ভূয়সী প্রশংসা করেন।
ক্যাম্পাস পরিদর্শনের সময় প্রতিমন্ত্রী স্কুলটির পরিচালনা পর্ষদ, শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন। এসটিএস গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মানাস সিং প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষ ও আধুনিক সুযোগ-সুবিধা ঘুরে দেখান এবং একাডেমিক বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।
আধুনিক ল্যাব ও সুযোগ-সুবিধা পরিদর্শন
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী গ্লেনরিচ সাতারকুলের প্রি-প্রাইমারি শ্রেণিকক্ষ, প্লে-জোন, মন্টেসরি ল্যাব, সেন্ট্রাল কোর্টইয়ার্ড, স্কুল লাইব্রেরি এবং সেকেন্ডারি শ্রেণিকক্ষ ঘুরে দেখেন। এ ছাড়া তিনি বিদ্যালয়টির উন্নত একাডেমিক হাবসমূহ, যেমন— আর্ট ল্যাব, ম্যাথ ল্যাব, রোবোটিকস ল্যাব ও আইসিটি ল্যাবসহ একাধিক অত্যাধুনিক বিজ্ঞান ল্যাব পরিদর্শন করেন।
একই সঙ্গে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য তৈরি বিভিন্ন সৃজনশীল ও ক্রীড়া সুবিধাও পর্যবেক্ষণ করেন প্রতিমন্ত্রী। এর মধ্যে ছিল মিউজিক রুম (গিটার, ভায়োলিন, পিয়ানো ও কণ্ঠসংগীত), ড্যান্স রুম, ইনডোর জিমনেশিয়াম, সুইমিং পুল, স্কেটিং রিঙ্ক এবং ফুটবল, বাস্কেটবল ও ক্রিকেট অনুশীলনের জন্য নির্ধারিত আউটডোর স্পোর্টস জোন।
মানসম্মত শিক্ষার প্রশংসা
পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ স্কুলটির মানসম্মত শিক্ষা কার্যক্রম এবং ভবিষ্যৎ উপযোগী বিশ্বমানের নাগরিক গড়ে তুলতে শিক্ষার্থীদের সার্বিক বিকাশে নেওয়া নানামুখী উদ্যোগের প্রশংসা করেন।
প্রতিমন্ত্রীর এই সফর সম্পর্কে এসটিএস গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মানাস সিং বলেন,
“মাননীয় প্রতিমন্ত্রীর এই সফর আমাদের জন্য অত্যন্ত গৌরবের। এটি শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে বিশ্বমানের শিক্ষা ও উন্নত অবকাঠামো প্রদানে আমাদের অঙ্গীকারকে আরও দৃঢ় করবে।”