১৭ জুন, ২০২৬

উল্লাপাড়ায় পল্লী বিদ্যুৎ সমিতির জিএম এর অপসারণ দাবিতে মানববন্ধন

উল্লাপাড়ায় পল্লী বিদ্যুৎ সমিতির জিএম এর অপসারণ দাবিতে মানববন্ধন

সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ (পিবিএস)-এর মহাব্যবস্থাপক (জিএম) মোঃ নূরুল হুদার অপসারণ দাবিতে বুধবার উল্লাপাড়ায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়| উল্লাপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় সমিতির প্রধান কার্যালয়ের সামনে কিছু সংখ্যক গ্রাহক এ কর্মসূচির আয়োজন করেন| মানববন্ধন চলাকালে গ্রাহকেরা এই মহাব্যবস্থাপকের বিরুদ্ধে নানা অভিযোগ আনেন| তবে জিএম নূরুল হুদা বলছেন, সমিতির কিছু সংখ্যক ইলেকট্রিশিয়ান ও দালালদের অবৈধ কর্মকাণ্ডে বাধা সৃষ্টি হওয়ায় তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে এই কর্মসূচি পালন করা হয়েছে|

বেলা ১১টার দিকে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে গ্রাহকেরা অভিযোগ করেন, নূরুল হুদা জিএম হিসেবে এখানে আসার পর গ্রাহক সেবার মান কমে গেছে| এই জিএম কোনো রকম টেন্ডার ছাড়াই বিদ্যুৎ সমিতি কার্যালয়ের গাছ ও পুরাতন মালামাল বিক্রি করে দিয়েছেন| এছাড়া গ্রাহকদের সেবা পেতে হয়রানির শিকার হতে হচ্ছে| গ্রাহকদের অভিযোগ, সমিতির কর্মকর্তারা তাদের সঙ্গে সৌজন্যমূলক আচরণ করেন না| তারা অবিলম্বে এ বিষয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন|

এ ব্যাপারে পিবিএস-১-এর মহাব্যবস্থাপক মোঃ নূরুল হুদার সঙ্গে যোগাযোগ করলে তিনি তার বিরুদ্ধে আনীত অভিযোগগুলো মিথ্যা উল্লেখ করে বলেন, এই সমিতিতে বেশ কিছু ইলেকট্রিশিয়ান ও দালাল বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডে লিপ্ত থেকে গ্রাহকসেবা বাধাগ্রস্ত করছিল| এদের সঙ্গে এই সমিতির কিছু কর্মচারীরও সম্পৃক্ততা রয়েছে (এদের নাম বলতে চাননি তিনি)|

তিনি এদের এই অবৈধ কার্যক্রম বন্ধ করার উদ্যোগ নেওয়ার পর তারা তার বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে মিথ্যা অভিযোগপত্র প্রদান করেন| সেই সঙ্গে তার অপসারণের দাবিতে মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন| যথাযথ তদন্ত হলে সব কিছুরই প্রকৃত চিত্র বের হয়ে আসবে বলে তিনি মনে করেন|