বগুড়ার ধুনট উপজেলায় আড়িয়ামাড়া খালের পানিতে ডুবে মাফিয়া খাতুন (৫) নামের এক কন্যাসন্তান নিখোঁজ হয়েছে। আজ শনিবার (১৩ জুন) সকাল ১০টার দিকে বাড়ির অদূরে আড়িয়ামাড়া খালের পাশে খেলার সময় অসাবধানতাবশত এই দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ মাফিয়া খাতুন উপজেলার এলাঙ্গী ইউনিয়নের নবীনগর গ্রামের মিজানুর রহমানের মেয়ে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালের দিকে মাফিয়া প্রতিদিনের মতো প্রতিবেশী শিশুদের সাথে খেলা করছিল। খেলার ছলে একপর্যায়ে তারা বাড়ির পাশে বয়ে যাওয়া আড়িয়ামাড়া খালের পাড়ে চলে যায়। এ সময় অসাবধানতাবশত ছোট শিশু মাফিয়া খালের গভীর পানিতে পড়ে যায়। সাঁতার না জানা থাকায় খালের তীব্র পানির স্রোতে মুহূর্তের মধ্যেই সে তলিয়ে ও ভেসে যায়।
ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা খালে নেমে শিশু মাফিয়াকে উদ্ধারের চেষ্টা চালায়। দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে ধুনট ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সাথে নিয়ে উদ্ধার অভিযান শুরু করে। তবে বিকেল ৪টা পর্যন্ত টানা ৬ ঘণ্টা চেষ্টা চালিয়েও খালের পানিতে নিখোঁজ শিশুটির কোনো হদিস পাওয়া যায়নি।
ধুনট ফায়ার সার্ভিস স্টেশনের কর্মী সাব্বির হোসেন বিকেলে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “পানিতে শিশু নিখোঁজ হওয়ার খবর পাওয়া মাত্রই আমরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছি। স্থানীয়দের সহায়তায় বিকেল ৪টা পর্যন্ত তল্লাশি চালিয়েও শিশুটির সন্ধান মেলেনি। পানির স্রোত থাকায় উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে। নিখোঁজ শিশুটিকে উদ্ধারে ফায়ার সার্ভিসের বিশেষ ডুবুরি দলকে ইতিমধ্যে তলব করা হয়েছে। তারা এলে খালের তলদেশে আরও জোরালো অনুসন্ধান চালানো হবে।”
এদিকে ফুটফুটে শিশু মাফিয়ার এমন নিখোঁজের ঘটনায় পরিবার ও পুরো নবীনগর গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আকুল আর্তনাদে ভারী হয়ে উঠেছে আড়িয়ামাড়া খালের পাড়।