বৃহস্পতিবার বিকেলে উল্লাপাড়া মডেল থানা পুলিশ রেলওয়ে স্টেশন এলাকার ভট্ট কাওয়াক গ্রামের পাশের রাস্তা থেকে মিনি ট্রাকসহ ২৪৫০ পিচ নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করে| এসময় গাড়ির চালক পালিয়ে যায়|
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আতাউর রহমান জানান, পাবনার ডেমরা থেকে উল্লিখিত পরিমান নিষিদ্ধ চায়না দুয়ারি জাল একটি মিনি ট্রাকে করে উল্লাপাড়ায় আনা হচ্ছিল| ট্রাকটি উল্লাপাড়া রেলওয়ে স্টেশন এলাকার ভট্ট কাওয়াক গ্রামে পাশে এসে দাঁড়ায়| বিশ্বস্ত সূত্রের খবরের প্রেক্ষিতে উল্লাপাড়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকে রাখা সমুদয় জাল জব্দ করে।
তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়ির চালক পালিয়ে যায়। পুলিশ ট্রাকটিও জব্দ করেছে| মৎস্য কর্মকর্তা আরো জানান, পুলিশের পক্ষ থেকে উপজেলা প্রশাসন কে জানালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রায়হানুল ইসলামের নির্দেশনায় এবং তার উপস্থিতিতে উপজেলা পরিষদ চত্বরে জালগুলো পুড়িয়ে দেওয়া হয়| পুড়িয়ে দেওয়া এসব জালের মূল্য প্রায় ২০ লাখ টাকা হবে বলে ধারনা করা হচ্ছে| তবে এই জালের মালিককে এখন পুলিশ খুঁজছে।
উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ রায়হানুল ইসলাম এর সঙ্গে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জব্দ করা জালগুলো নিষিদ্ধ হওয়ার কারনে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে পুড়িয়ে দেওয়া হয়েছে।