৭ জুন, ২০২৬

সাবেক ইউপি চেয়ারম্যান চুনু ও সাবেক প্রতিমন্ত্রী পলকের পিএ মানিক গ্রেপ্তার

সাবেক ইউপি চেয়ারম্যান চুনু ও সাবেক প্রতিমন্ত্রী পলকের পিএ মানিক গ্রেপ্তার

নাটোরের সিংড়ায় গভীর রাতে এক বিশেষ অভিযান চালিয়ে উপজেলার কলম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মইনুল হক চুনু এবং সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের পিএ মাহিদুল ইসলাম মানিককে গ্রেপ্তার করেছে সিংড়া থানা পুলিশ।

গতকাল দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার কলম ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত মাহিদুল ইসলাম মানিক এলাকায় সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ব্যক্তিগত আলোকচিত্রী ও পিএ হিসেবে পরিচিত। রাজনৈতিকভাবে তিনি নাটোরের সিংড়া উপজেলার চামারী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং চামারী ইউনিয়ন আওয়ামী লীগের বর্তমান তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। অন্যদিকে, গ্রেপ্তারকৃত মইনুল হক চুনু কলম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সক্রিয় সদস্য।

সিংড়া থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ দল গভীর রাতে কলম ইউনিয়নে অভিযান পরিচালনা করে। রাত ৩টার দিকে নিজ নিজ এলাকা থেকে এই দুই জনকে আটক করা হয়।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিদের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। গ্রেপ্তারের পর আজ রোববার (৭ জুন) তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।