৫ জুন, ২০২৬

সিরাজগঞ্জে বাসচাপায় একই পরিবারের ২ জনসহ নিহত ৩, আহত ১

সিরাজগঞ্জে বাসচাপায় একই পরিবারের ২ জনসহ নিহত ৩, আহত ১

সিরাজগঞ্জের বেলকুচিতে যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক দম্পতিসহ তিন আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহত দম্পতির মেয়ে। আজ শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মেঘুল্লা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন— উপজেলার আজুগড়া হিজলতলা এলাকার বছের সরকারের ছেলে মোতালেব হোসেন (৪৫), তাঁর স্ত্রী ফজিলা খাতুন (৩৫) এবং ব্যাটারিচালিত অটোভ্যানের চালক আজুগড়া জামতৈল গ্রামের সোনাউল্লা মুন্সীর ছেলে নূরুল ইসলাম (৩৫)। দুর্ঘটনায় মোতালেব হোসেনের মেয়ে তামান্না খাতুন (১৬) আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সকালে মোতালেব হোসেন তাঁর স্ত্রী ও সন্তানকে নিয়ে আজুগড়া এলাকা থেকে ভ্যানযোগে বেলকুচি উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন। সকাল সাতটার দিকে ভ্যানটি মেঘুল্লা এলাকায় পৌঁছালে আকস্মিকভাবে সেটির এক্সেল রড ভেঙে যায়। এতে চালকসহ ভ্যানের চার আরোহী চলন্ত ভ্যান থেকে ছিটকে সড়কের ওপর পড়ে যান।

ঠিক ওই মুহূর্তেই এনায়েতপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস সড়কের ওপর পড়ে থাকা যাত্রীদের বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং তাদের ওপর তুলে দেয়। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই ভ্যানচালক নূরুল ইসলাম ও যাত্রী ফজিলা খাতুন প্রাণ হারান। পরে স্থানীয়রা গুরুতর আহত মোতালেব হোসেন ও তাঁর মেয়েকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মোতালেবের মৃত্যু হয়।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর ইমাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পর ঘাতক বাসটি সড়কের পাশে একটি গাছের সঙ্গে আটকে যায়। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।