পবিত্র ঈদুল আজহা'র আর মাত্র দুই দিন বাকি। ইতোমধ্যেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের অফিস-আদালত, কলকারখানা ও গার্মেন্টস প্রতিষ্ঠান ছুটি হওয়ায় ঘরমুখো মানুষের ঢল নেমেছে মহাসড়কে। এতে সিরাজগঞ্জের মহাসড়কগুলোতে যানবাহনের চাপ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও যমুনা সেতুর পশ্চিমপাড় ও উত্তরবঙ্গের প্রবেশদ্বারখ্যাত হাটিকুমরুল এলাকায় দেখা যায়নি কোনো যানজট।
প্রতিবছর ঈদকে কেন্দ্র করে এ মহাসড়কে দীর্ঘ যানজট ও ভোগান্তি দেখা দিলেও এবার পরিস্থিতি অনেকটাই ভিন্ন। হাইওয়ে পুলিশের দাবি, ঈদ উপলক্ষে হাটিকুমরুল গোল চত্ত্বরের ক্লোভার লিভস ইন্টারচেঞ্জ ফ্লাইওভার এর বগুড়া-রংপুরমুখী র্যাম্প যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে।
ফলে ঈদ যাত্রায় ঘরমুখো মানুষ স্বত্বিতে বাড়ি ফিরতে পারছেন।
মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্ত্বর এলাকায় সরেজমিনে দেখা যায়, দূরপাল্লার বাস, প্রাইভেটকার, মাইক্রোবাস, মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের যানবাহন স্বাভাবিক গতিতে চলাচল করছে। এছাড়া অনেককে খোলা ট্রাক ও পিকআপে করেও বাড়ি ফিরতে দেখা গেছে। গাড়ির চাপ বাড়লেও এখন পর্যন্ত কোথাও যানজটের সৃষ্টি হয়ি।
বাড়ি ফেরা রংপুরের যাত্রী বেলাল হোসেন বলেন, পরিবার নিয়ে ঈদ করতে বাড়ি যাচ্ছি। যমুনা সেতু পার হওয়ার পর থেকে এখন পর্যন্ত কোনো যানজটে পড়তে হয়নি। চার লেন সড়ক ও হাটিকুমরুল ইন্টারচেঞ্জ চালু হওয়ায় এবার যাত্রা অনেক স্বস্তির।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইসমাইল হোসেন বলেন, ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে জেলা ও হাইওয়ে পুলিশের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও এখন পর্যন্ত কোথাও যানজটের সৃষ্টি হয়নি।
তিনি আরও বলেন, মহাসড়কের গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করা হয়েছে। উল্লিখিত যায়গাগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিকল যানবাহন দ্রুত সরিয়ে নিতে রেকার প্রস্তুত রাখা হয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক মাঠে রয়েছে।