২৬ মে, ২০২৬

যুব সমাজকে মাদকমুক্ত করার দায়িত্ব আমাদেরই: বিরলে পুলিশকে গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে পিনাক এমপি

যুব সমাজকে মাদকমুক্ত করার দায়িত্ব আমাদেরই: বিরলে পুলিশকে গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে পিনাক এমপি

"তরুণরাই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। তাই যুব সমাজকে মাদকের নীল দংশন থেকে রক্ষা করার প্রাথমিক দায়িত্ব আমাদেরই নিতে হবে।" মঙ্গলবার (২৬ মে) বিকেলে বিরল থানা প্রাঙ্গণে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।

বিরল থানা পুলিশের টহল কার্যক্রম জোরদার এবং জনসেবার মান আরও গতিশীল করার লক্ষ্যে উপজেলা মাদক প্রতিরোধ কমিটির সৌজন্যে পুলিশকে একটি নতুন পিকআপ গাড়ি প্রদান করা হয়। এই গাড়ি হস্তান্তর উপলক্ষেই অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

আইন নিজের হাতে নেওয়া যাবে না
সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক তাঁর বক্তব্যে সামাজিক ঐক্যের ওপর জোর দিয়ে বলেন, শুধুমাত্র পুলিশ প্রশাসনের একার পক্ষে সমাজ থেকে মাদক পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়। এজন্য প্রতিটি পাড়া-মহল্লায় সাধারণ মানুষকে সাথে নিয়ে মাদক প্রতিরোধ কমিটি গড়ে তুলতে হবে।

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, "আমরা কমিটি গঠন করব সচেতনতার জন্য, কেউ নিজের হাতে আইন তুলে নেব না। মাদক সংক্রান্ত কোনো তথ্য বা অপরাধী দেখামাত্রই তাদের হাতেনাতে আটকে প্রশাসনের হাতে তুলে দিতে হবে। আমরা যদি যার যার অবস্থান থেকে সক্রিয় থাকি, তবে প্রশাসনও আমাদের সর্বোচ্চ সহযোগিতা করবে।"

গুণীজনদের উপস্থিতি
বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আল এমরানের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা এবং উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল ইসলাম।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন: অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রফিকুল আলমসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। উপজেলা ও পৌর বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ।