সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সিএনজি ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে চালকসহ ৩ জন নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা-পাবনা মহাসড়কের উপজেলার সলঙ্গা থানার রামারচর এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী একতা এক্সপ্রেস বাস পেছন থেকে একটি সিএনজিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সিএনজির চালক সহ দুই যাত্রী নিহত হয়। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচলে ধীরগতি দেখা দেয়।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইসমাইল হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী একতা এক্সপ্রেস যাত্রীবাহী বাসটি সিএনজিকে পিছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সিএনজির চালকসহ ৩ জন নিহত হন। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শুরু করেছে।