২৪ মে, ২০২৬

‘আগ্রাসন হলে যুক্তরাষ্ট্রকে কঠিন জবাব দেবে ইরান’

‘আগ্রাসন হলে যুক্তরাষ্ট্রকে কঠিন জবাব দেবে ইরান’

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ এড়াতে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান সমঝোতা আলোচনা যখন চূড়ান্ত রূপ নেওয়ার পথে, ঠিক তখনই মার্কিন প্রশাসনকে এক কঠোর হুঁশিয়ারি বার্তা দিয়েছে ইরান। সম্ভাব্য চুক্তিতে ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব থাকলেও, এই সময়ের মধ্যে আমেরিকা কোনো ধরনের আগ্রাসন চালালে তার জবাব আগের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি কঠিন ও ভয়াবহ হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে দেশটি।

আজ রোববার (২৪ মে) তেহরানের প্রভাবশালী সংবাদমাধ্যম ‘তাসনিম নিউজ’-এর বরাত দিয়ে এই তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রাথমিক সমঝোতার ইঙ্গিত মিললেও আলোচনা যেকোনো মুহূর্তে ব্যর্থ হওয়ার সম্ভাবনা মাথায় রেখে সামরিকভাবে পুরোপুরি প্রস্তুতি নিচ্ছে ইরান। দেশটি আগেও স্পষ্টভাবে জানিয়েছিল, তারা ‘ট্রিগারে হাত রেখেই’ আলোচনার টেবিলে বসবে।

ইরানের সশস্ত্র বাহিনীর একটি উচ্চপদস্থ সূত্র তাসনিম নিউজকে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধমুখী অবস্থান এবং অতীত আচরণ বিবেচনায় রেখে তেহরান সবসময় পূর্ণ সামরিক প্রস্তুতি বজায় রাখছে।

সূত্রটি আরও সতর্ক করে বলেছে, "যদি যুক্তরাষ্ট্র আবারও ভুল হিসাব-নিকাশ করে ইরানের বিরুদ্ধে কোনো আগ্রাসন বা অপরাধমূলক পদক্ষেপ নেয়, তাহলে তাদেরকে ইরানের ‘তৃতীয় ধাপের মোকাবিলার’ মুখোমুখি হতে হবে। এই নতুন প্রতিরোধ কৌশল, যুদ্ধপদ্ধতি, হামলার লক্ষ্য এবং ব্যবহৃত আধুনিক অস্ত্রশস্ত্র আগের দুই দফার (অপারেশন ট্রু প্রমিজ ১ ও ২) তুলনায় সম্পূর্ণ আলাদা ও বিধ্বংসী হবে।"

এদিকে মার্কিন সংবাদমাধ্যম ‘নিউইয়র্ক টাইমস’ এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে একটি ঐতিহাসিক শান্তি চুক্তি চূড়ান্ত করার খুব কাছাকাছি পৌঁছে গেছেন এবং তেহরানের পক্ষ থেকেও এতে ইতিবাচক সাড়া মিলেছে।

ইরানের তিনজন শীর্ষ কর্মকর্তাও বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, দুই দেশের মধ্যে চলমান যুদ্ধাবস্থা পুরোপুরি বন্ধ করা এবং বিশ্ব অর্থনীতির অন্যতম লাইফলাইন হিসেবে পরিচিত ‘হরমুজ প্রণালি’ আবার আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য খুলে দেওয়ার লক্ষ্যে ইরান একটি খসড়া সমঝোতায় সম্মত হয়েছে।

কূটনৈতিক মহলের মতে, একদিকে শান্তি আলোচনা এবং অন্যদিকে সামরিক হুঁশিয়ারি—এই ‘দ্বিমুখী নীতি’ বজায় রেখে ইরান মূলত চুক্তির টেবিলে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে চাইছে।