২৪ মে, ২০২৬

হাতিয়ায় বন্দুক ও রকেট ফ্লেয়ারসহ একাধিক মামলার আসামি বাবুল আটক

হাতিয়ায় বন্দুক ও রকেট ফ্লেয়ারসহ একাধিক মামলার আসামি বাবুল আটক

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় যৌথ অভিযান চালিয়ে মো. বাবুল (৩৬) নামে এক চিহ্নিত অপরাধীকে আটক করেছে কোস্টগার্ড ও পুলিশ। এ সময় তার বাড়ি থেকে একটি বন্দুক ও দুটি রকেট ফ্লেয়ার উদ্ধার করা হয়।

আজ রোববার (২৪ মে) সকালে উপজেলার হরনী ইউনিয়নের টাংকির সমাজ এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মো. বাবুল একই এলাকার মো. সফিক উদ্দিনের ছেলে।

কোস্টগার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বাবুলের অবস্থান নিশ্চিত হয়ে কোস্টগার্ডের একটি বিশেষ টিম ও পুলিশের একটি দল যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন টাংকির সমাজ এলাকার নিজ বাড়ি থেকে প্রথমে বাবুলকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঘরের বিভিন্ন অংশে তল্লাশি চালিয়ে একটি অবৈধ বন্দুক ও দুটি রকেট ফ্লেয়ার উদ্ধার করা হয়।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেনেন্ট কমান্ডার বিএন সাব্বির আলম সুজন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক বাবুল একজন চিহ্নিত অপরাধী। তার বিরুদ্ধে অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। এর আগেও সে একাধিকবার অস্ত্রসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়েছিল।

তিনি আরও জানান, উদ্ধারকৃত অস্ত্রসহ আটক বাবুলকে হাতিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় কোস্টগার্ড বাদী হয়ে তার বিরুদ্ধে অস্ত্র আইনে আরও একটি নতুন মামলা দায়ের করবে।