২৩ মে, ২০২৬

হাতিয়ায় গভীর রাতে ডাকাতের আস্তানায় কোস্ট গার্ডের হানা, অস্ত্র ও গুলি উদ্ধার

হাতিয়ায় গভীর রাতে ডাকাতের আস্তানায় কোস্ট গার্ডের হানা, অস্ত্র ও গুলি উদ্ধার

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় একটি ডাকাত দলের আস্তানায় গভীর রাতে ঝটিকা অভিযান চালিয়েছে কোস্ট গার্ড। অভিযানে ডাকাত দলের সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও তাদের আস্তানা থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও তাজা গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৩ মে) সন্ধ্যায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার আলী বাজার সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, হাতিয়ার আলী বাজার এলাকায় কুখ্যাত ডাকাত খোকন ও তার দল নতুন করে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে—এমন একটি গোপন সংবাদ আসে কোস্ট গার্ডের কাছে। এই তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ডের একটি বিশেষ দল গভীর রাতে খোকনের আস্তানায় ঘেরাও করে অভিযান চালায়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে অন্ধকারের সুযোগ নিয়ে ডাকাত দলের সদস্যরা দ্রুত পালিয়ে যায়।

পরবর্তীতে ওই আস্তানায় তল্লাশি চালিয়ে ডাকাতদের ফেলে যাওয়া একটি দেশীয় একনলা বন্দুক, একটি পাইপগান এবং পাঁচ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সাব্বির আলম সুজন জানান, উদ্ধার হওয়া অবৈধ অস্ত্র ও গোলাবারুদ কোস্ট গার্ডের হেফাজতে নেওয়া হয়েছে এবং এই বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। দ্বীপ অঞ্চলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ডাকাত ও তাদের সহযোগীদের বিরুদ্ধে কোস্ট গার্ডের এমন কঠোর ও আকস্মিক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।